বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা শুরু

সংগৃহীত ছবি
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় ক্লাবের আয়োজনে এবং ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগিতায় বুধবার শুরু হওয়া এ মেলা চলবে ৮ অক্টোবর পর্যন্ত।
কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন ও উদ্যোক্তা সৃষ্টিকে উৎসাহিত করাই এবারের মেলার মূল লক্ষ্য। শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পাশাপাশি উদ্ভাবনী ও টেকসই ব্যবসায়িক উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বাস্তব ধারণা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মেলার এবারের প্রতিপাদ্য, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরবর্তী প্রজন্মকে ক্ষমতায়ন: উদ্যোক্তা, উদ্ভাবন ও টেকসই ডিজিটাল রূপান্তর’।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. মেসবা উদ্দিন আলী, উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ভারপ্রাপ্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আবদুর রহিমসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা।
এ ছাড়া বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা, উদ্যোক্তা ও পেশাজীবীরা মেলায় অংশ নিচ্ছেন। তাঁদের সঙ্গে যোগাযোগের সুযোগের পাশাপাশি শিক্ষার্থীরা ব্যবসায়িক ধারণা নিয়ে কাজ করা, উদ্যোক্তা সৃষ্টি ও উদ্ভাবন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।
মেলার বিভিন্ন আয়োজনে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্যোক্তা হওয়ার সক্ষমতা এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।



