চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই শুরুর বিষয়টি গুজব: আন্তঃশিক্ষা বোর্ড

প্রতীকী ছবি
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি’-এর নামে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২৭ জুলাই ২০২৬ থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে দাবি করে যে বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত।
এতে আরও বলা হয়েছে, এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অথবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সংশ্লিষ্টতা নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করতে অনুরোধ করা হয়েছে। সেইসঙ্গে পরীক্ষা-সংক্রান্ত সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধু শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর সরকারি ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।




