চার দফা দাবিতে সাত কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন

সাত কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীদের মানববন্ধন। ছবি: আগামীর সময়
রাজধানীর সরকারি সাত কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তরসহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে।
আজ সোমবার সকালে তিতুমীর কলেজসহ এক যোগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সকল কলেজে বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, সাত কলেজের বেসরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব পালন করে আসছেন। তাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হলে কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে।
মানববন্ধনে সরকারি তিতুমীর কলেজ কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের বলেন, একসময় তিতুমীর কলেজে প্রায় ৫৯ হাজার শিক্ষার্থী থাকলেও বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের নিজস্ব আয় কমে যাওয়ায় কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধে মারাত্মক সংকট তৈরি হয়েছে। এ বিষয়ে বিভিন্ন দফতর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন জানিয়েও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান মেলেনি।
তিনি আরও বলেন, আমাদের প্রধান দাবি চাকরি জাতীয়করণ করতে হবে। তা সম্ভব না হলে অন্তত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নিজস্ব কাঠামোর অধীনে কর্মচারীদের অন্তর্ভুক্ত করতে হবে। কোনো অবস্থাতেই কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না। দাবি না মানা পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।
সাপাহারে এইচএসসির ফল নিয়ে ক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
০২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে তিনি বলেন, আমাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে। তা সম্ভব না হলে ঘোষিত পে-স্কেলের আওতায় বেতন-ভাতা নিশ্চিত করতে হবে। অন্যথায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে সাত কলেজের সব বেসরকারি কর্মচারীকে অন্তর্ভুক্ত করে চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আত্মীকরণ কিংবা জাতীয়করণ-যেভাবেই হোক, আমাদের বাঁচার মতো একটি ব্যবস্থা করতে হবে।
মানববন্ধন চলাকালে আন্দোলনকারীরা ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘আমাদের দাবি মানতে হবে, মেনে নাও’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মানববন্ধনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সাত কলেজের বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে ৪ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—
১. সরকারি ৭ (সাত) কলেজের সকল কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর করতে হবে।
২. ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কাঠামোর আওতায় অন্তর্ভুক্তীকরণ করতে হবে।
৩. রাজস্বখাতে না নেওয়া পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় পে-স্কেল ২০২৬ অনুযায়ী বেতনভাতাদি প্রদান করতে হবে।
৪. কর্মরত ৭ (সাত) কলেজের সকল কর্মচারীদের ছাটাই বন্ধ করতে হবে।




