ইউজিসি সদস্য ড. মামুন
নির্বাচনী ইশতেহারের একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি
- ৩৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সেমিনার এবং দেড় সহস্রাধিক এমওইউ স্বাক্ষর

সংগৃহীত ছবি
সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। গত আট মাসে দেশের ৩৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে সেমিনার আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৫০০টির বেশি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব তথ্য জানান অধ্যাপক ড. মামুন। সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘টেকসই ভবিষ্যতের জন্য জ্ঞান ও শিল্পের মধ্যে সেতুবন্ধন’।
অধ্যাপক ড. মামুন জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উচ্চশিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের সংযোগ বাড়ানো এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদারের অঙ্গীকার করা হয়েছে। সেই অঙ্গীকার বাস্তবায়নে ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোকে সম্পৃক্ত করে ধারাবাহিকভাবে কাজ করছে। ৩৭টি বিশ্ববিদ্যালয়ে সেমিনার আয়োজন এবং ১ হাজার ৫০০টির বেশি সমঝোতা স্মারক স্বাক্ষর এ উদ্যোগের গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে শুধু সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ রাখলে চলবে না। এসব চুক্তির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনকে শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব চাহিদার সঙ্গে যুক্ত করতে হবে। বর্তমানে অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার সমন্বয় নেই। ফলে শিক্ষার্থীরা ডিগ্রি অর্জন করলেও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা ও অভিজ্ঞতার অভাব অনুভব করেন। এ ব্যবধান দূর করতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি ও কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা জরুরি।
একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতার আওতায় শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবীদের বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন ইউজিসির এই সদস্য। পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন, হাতে-কলমে প্রশিক্ষণ এবং প্রতিষ্ঠানের বাস্তব প্রকল্পে কাজের সুযোগ বাড়ানোর পরামর্শ দেন তিনি। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং স্নাতক শেষে চাকরির বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবেন।




