এশিয়ান ইউনিভার্সিটিতে ‘হৃদয় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা

সংগৃহীত ছবি
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) আশুলিয়ায় স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘হৃদয় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা। বুধবার (৭ অক্টোবর) আয়েশা মেমোরিয়াল হলে আয়োজিত এ সভায় জুলাই আন্দোলনের স্মৃতিচারণের পাশাপাশি আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষার্থীরা।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোশাররফ হোসাইন ভূঁইয়া। এ ছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. এ. এস. এম. ইকবাল হোসেন এবং রেজিস্ট্রার মেজর (অব.) এম. এম. শাহ আলম।
‘হৃদয় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় ২০২৪ সালের জুলাই আন্দোলনকে ধারণ করে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ করেন এবং আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার শপথ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে নিজেদের দেশপ্রেমিক, দক্ষ ও নৈতিকভাবে উন্নত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশকে এগিয়ে নিতে নিজেদের প্রস্তুত করার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।
প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, ‘১৯৯৬ সাল থেকে এইউবি অবিরতভাবে দেশের জন্য দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার কাজটি করে যাচ্ছে। মাঝখানে দীর্ঘ সময় ফ্যাসিবাদের চোখ রাঙানিকে উপেক্ষা করে এশিয়ান ইউনিভার্সিটি তার সার্বিক শিক্ষা কার্যক্রম চালিয়ে গেছে। আগামীতেও উচ্চশিক্ষার বাতিঘর তার আলো বিতরণের এই ধারা অব্যাহত রাখবে।’
আলোচনা সভাকে ঘিরে এইউবি ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।




