১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি

সংগৃহীত ছবি
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিন গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কর্তৃপক্ষের পূর্বানুমতি বা ছুটি ছাড়া যেসব শিক্ষক ক্লাস নেননি, তাদের নাম পাঠাতে সব বিভাগ ও ইনস্টিটিউটের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার বিকাল ৪টার মধ্যে এ তালিকা জমা দিতে বলা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটের কিছু শিক্ষক ক্লাস নেননি বলে কর্তৃপক্ষের কাছে তথ্য এসেছে।
এ পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের পূর্বানুমতি বা ছুটি ছাড়া যেসব শিক্ষক ক্লাসে অনুপস্থিত ছিলেন, তাদের তালিকা ১১ নভেম্বর বিকেল ৪টার মধ্যে রেজিস্ট্রারের কাছে পাঠাতে হবে।
তবে তালিকা পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে চিঠিতে কিছু উল্লেখ করা হয়নি।




