বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসের অবস্থান করছিলেন দুই বিভাগের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
মেসবাসার দরজার ছিটকিনি আটকানোকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
রাত সোয়া ১১টা পর্যন্ত লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসের পৃথক স্থানে অবস্থান করছিলেন দুই বিভাগের শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয় এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।
শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসের বাইরে একটি মেসবাসায় সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষার্থী থাকেন। ওই মেসের দরজায় ছিটকিনি দেওয়া নিয়ে প্রথমে দুই বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে তর্ক-বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি দুই বিভাগের অন্য শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়ে।
পরে দুই বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটসংলগ্ন এলাকায় জড়ো হন। এ সময় উভয় পক্ষের শিক্ষার্থীদের হাতে লাঠিসোঁটা দেখা যায়। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
রাত সোয়া ১১টার দিকে অর্থনীতি বিভাগের একদল শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গেটের অপর পাশে ছাতিমতলা এলাকায়। অন্যদিকে এক নম্বর গেটসংলগ্ন ভোলার রোড এলাকায় অবস্থান নেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এতে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী সাখাওয়াত হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব।’






