সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন ৩ অধ্যাপক

মো. মোর্শেদ হাসান খান, মো. সোহেল রানা ও নাহরিন ইসলাম খান
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হিসাবে মনোনয়ন পেয়েছেন ৩ অধ্যাপক।
তারা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা এবং একই বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশিষ্ট অধ্যাপক ক্যাটাগরিতে অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান ও অধ্যাপক মো. সোহেল রানাকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আর প্রথিতযশা ব্যক্তি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন অধ্যাপক নাহরিন ইসলাম খান।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই তিন অধ্যাপক দুই বছরের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।



