ঢাবি ছাত্রীর কান থেকে ছিনিয়ে নেওয়া হলো স্বর্ণের দুল

ছবি- এ আই
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ভেতরে চলন্ত শাটলে যাওয়ার সময় এক ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই শিক্ষার্থী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মাঠসংলগ্ন গেটের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সানজিদা আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সানজিদা জানান, সন্ধ্যা ৭টা ২২ মিনিট থেকে ৭টা ২৬ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। ওই সময় তিনি বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতান্ত্রিক তোরণ গেট থেকে ক্যাম্পাসের দিকে শাটলে করে যাচ্ছিলেন।
তিনি বলেছেন, ‘শাটলটি হাজী মুহম্মদ মুহসীন হল মাঠের গেটের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ সাদা জামা পরিহিত এক ব্যক্তি বাইক নিয়ে আমার কান থেকে টান দিয়ে একটি স্বর্ণের দুল ছিনিয়ে নেন। পরে দ্রুত ভিসি চত্বরের দিকে পালিয়ে যান।’
ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান সানজিদা। তিনি বলেন, ‘ক্যাম্পাসের ভেতরে, তাও আবার চলন্ত শাটলে এরকম ঘটনা ঘটল। আমার হয়তো ভাগ্য ভালো ছিল, কান ছিঁড়ে যায়নি। এখন তো ক্যাম্পাসে বের হতেই ভয় লাগছে। এর সমাধান আদৌ হবে কি না, জানি না।’
সানজিদার ভাষ্য , ‘ক্যাম্পাসের একদম ভেতরে এ ঘটনা মানতেই পারছি না। ঘটনার পর থেকে হলের বাইরে যেতেও ভয় লাগছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, ‘ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে আমার এখনো সরাসরি কথা হয়নি। তবে আমরা অভিযোগ দিতে বলেছি। পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধিতে এআই ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না। এরই মধ্যে উপাচার্য বিষয়টি অনুমোদন দিয়েছেন।’




