ঢাবিতে ককটেল হামলায় জড়িত থাকার অভিযোগে কর্মকর্তা বরখাস্ত

নিপু ইসলাম তন্বী
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার সত্যতা পাওয়ায় এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও শোকজ করেছে প্রশাসন।
আজ বুধবার আগামীর সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী।
তিনি বলেছেন, ‘ক্যাম্পাসে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রশাসনিক ভবনের সেকশন অফিসার নিপু ইসলাম তন্বীকে সাময়িক বরখাস্ত ও শোকজ করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তাকে নোটিসের জবাব দিতে বলা হয়েছে।’
নিপু ইসলাম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শামসুননাহার হলের সাবেক সভাপতি ছিলেন।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে আমান উল্লাহ আমান নামে প্রশাসনিক ভবনের এক স্যানিটারি সুপারভাইজারকে সাময়িক বরখাস্ত ও শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে তাকে এ শাস্তি দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানায় কর্তৃপক্ষ।
গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম আগামীর সময়কে বলেছেন, ‘যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’





