বেইজিংয়ের সম্মেলনে পুরস্কৃত এনএসইউর কনফুসিয়াস ইনস্টিটিউট

গত ১৪ নভেম্বর বেইজিংয়ে এক অনুষ্ঠানে চীনা আন্তর্জাতিক শিক্ষা ফাউন্ডেশনের (সিআইইএফ) ভাইস প্রেসিডেন্ট ও মহাসচিব ঝাও লিংশানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন এনএসইউ’র কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক অধ্যাপক বুলবুল সিদ্দিকী। ছবি: এনএসইউ
চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত ২০২৬ সালের বিশ্ব চীনা ভাষা সম্মেলনে ব্র্যান্ডিং খাতে পুরস্কার পেয়েছে বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) কনফুসিয়াস ইনস্টিটিউট।
এনএসইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কনফুসিয়াস ইনস্টিটিউটগুলোর মানসম্মত বিকাশে অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্বের ১৩টি কনফুসিয়াস ইনস্টিটিউটকে ব্র্যান্ডিং বিভাগে এ পুরস্কার দেওয়া হয়।
গত ১৪ নভেম্বর আয়োজিত এক অনুষ্ঠানে চীনা আন্তর্জাতিক শিক্ষা ফাউন্ডেশনের (সিআইইএফ) ভাইস প্রেসিডেন্ট ও মহাসচিব ঝাও লিংশানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন এনএসইউ’র কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক অধ্যাপক বুলবুল সিদ্দিকী। অনুষ্ঠানে এনএসইউর উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) অধ্যাপক নেছার ইউ. আহমেদ এবং ইনস্টিটিউটের চীনা পরিচালক মা শিয়াওইয়ান উপস্থিত ছিলেন।
২০০৬ সালে বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটি ও চীনের ইউনান ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এ ইনস্টিটিউট দক্ষিণ এশিয়ার প্রথম কনফুসিয়াস ইনস্টিটিউট। এর আগে ২০১৬ সালে ইনস্টিটিউটটি ‘বেস্ট কনফুসিয়াস ইনস্টিটিউট অ্যাওয়ার্ড’ অর্জন করে।
সম্মেলনের ‘বিল্ডিং আ সাসটেইনেবল নিউ ইকোসিস্টেম ফর চাইনিজ ব্রিজ ক্রস-কালচারাল এক্সচেঞ্জেস’ শীর্ষক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনএসইউ’র উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) অধ্যাপক নেছার ইউ আহমেদ।
গত ১৩ থেকে ১৫ নভেম্বর বেইজিংয়ের চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের নেতারা এবং সরকারি প্রতিনিধিরা অংশ নেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট চীনা ভাষার বিভিন্ন কোর্স পরিচালনা, চীনা ভাষা দক্ষতা যাচাই পরীক্ষা গ্রহণ এবং শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আয়োজন করে থাকে। বাংলাদেশে বিভিন্ন প্রাতিষ্ঠানিক অংশীদারের সঙ্গে কাজ করার মাধ্যমে ইনস্টিটিউটটি চীনা ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ জোরদারে ভূমিকা রাখছে।




