জাতীয় বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করতে চাই : উপাচার্য

সংবাদ সম্মেলনে কথা বলছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আমানুল্লাহ। ছবি : আগামীর সময়
জাতীয় বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করতে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে উচ্চশিক্ষাকে আধুনিক, যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করতে অধিভুক্ত কলেজগুলোতে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পাঠ্যক্রম সংস্কার, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা সম্প্রসারণ এবং কলেজ পরিচালনায় সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চশিক্ষার মান বাড়াতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আমানুল্লাহ।
আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় ‘অধ্যক্ষ সম্মেলন-২০২৬’ সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের চলমান সংস্কার কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি।
উপাচার্য বলেছেন, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ১৩৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশই এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী। বিপুলসংখ্যক তরুণকে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে দেশব্যাপী ১২টি আঞ্চলিক কেন্দ্র চালু করা হয়েছে উল্লেখ করে তিনি জানিয়েছেন, পর্যায়ক্রমে আরও ২০টি কেন্দ্র চালুর উদ্যোগ চলছে। পাশাপাশি বগুড়া ও দিনাজপুরের বিরামপুরে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসহ স্থায়ী আঞ্চলিক ক্যাম্পাস নির্মাণের প্রক্রিয়া চলছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের মধ্যে সরাসরি যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। কলেজ পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার বিষয়টি আসন্ন অধ্যক্ষ সম্মেলনে গুরুত্ব পাবে বলে জানিয়েছেন উপাচার্য।
পাঠ্যক্রম সংস্কারের অগ্রগতি তুলে ধরে অধ্যাপক ড. এস এম আমানুল্লাহ বলেছেন, শিক্ষার্থীদের শ্রমবাজারের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে যুক্ত করতে বিশ্ববিদ্যালয়ের ১৯৫টি বিষয়ের পাঠ্যক্রম উন্নয়নের কাজ চলছে। এ কাজে দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষাবিদ, বিষয়বিশেষজ্ঞ, শিল্পোদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনের মতামত নেওয়া হচ্ছে।
তিনি উল্লেখ করেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ২০০টি কোর্সের মধ্যে ইতিমধ্যে ৫৫০টির সংস্কার শেষ হয়েছে। ২০৩০ সালের মধ্যে সব বিষয়ের পাঠ্যক্রম সংস্কার সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এরপর শুরু হবে পাঠ্যক্রম পুনর্মূল্যায়নের কাজ।
তথ্যপ্রযুক্তি ও যোগাযোগদক্ষতাভিত্তিক শিক্ষার বিষয়ে উপাচার্য জানিয়েছেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে অনার্স প্রথম বর্ষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং যোগাযোগদক্ষতাভিত্তিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। দ্বিতীয় বর্ষেও এ ধরনের কোর্স চালু হয়েছে। তৃতীয় ও চতুর্থ বর্ষে বিষয়ভিত্তিক কর্মমুখী কোর্সের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
নতুন শিক্ষাক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, উপাত্ত প্রক্রিয়াকরণ, যন্ত্রশিক্ষণ ও সেমিকন্ডাক্টর প্রযুক্তি সম্পর্কে প্রাথমিক এবং ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
শিক্ষকদের দক্ষতা বাড়াতে ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গত ৯ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
উপাচার্যের দেওয়া তথ্য অনুযায়ী, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে ৮৯ জন কোর প্রশিক্ষক ও ৮৪০ জন মাস্টার প্রশিক্ষক তৈরি করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তথ্য ও যোগাযোগপ্রযুক্তির জন্য প্রস্তুত করা হয়েছে ৯০ জন কোর প্রশিক্ষক। পাশাপাশি ৯০০ জন মাস্টার প্রশিক্ষক তৈরির কাজ চলছে। তাঁদের মাধ্যমে পর্যায়ক্রমে ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যে সাড়ে ৩ হাজার শিক্ষকের প্রশিক্ষণ শেষ হয়েছে।
আন্তর্জাতিক শ্রমবাজারে তরুণদের প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে ভাষাশিক্ষার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে অধ্যাপক আমানুল্লাহ বলেছেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, আরবি, জার্মান, স্প্যানিশ ও ফরাসি ভাষা শেখার সুযোগ বাড়ানো হচ্ছে।
এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। অধিভুক্ত কলেজগুলোতেও ভাষাশিক্ষা কার্যক্রম চলছে। ঢাকা মহানগর, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন অঞ্চলের ২৭টি কলেজে ইতিমধ্যে ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। চলতি বছরের মধ্যে সারা দেশে আরও ১০০টি ক্লাব প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে।
শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশের ওপরও গুরুত্ব দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। উপাচার্য জানিয়েছেন, বছরে প্রায় ৪০ লাখ শিক্ষার্থীকে নৈতিক ও মানসিক শিক্ষা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির আওতায় দেশব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।
সংগীত কলেজের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ৬৪টি জেলায় পারফর্মিং আর্টস কলেজ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া স্পোর্টস সায়েন্স বিভাগ চালু এবং বিশ্বমানের ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আন্তকলেজ ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতা ২০২৬-এর জেলা ও বিভাগীয় পর্যায়ের আয়োজন শেষ হয়েছে। বর্তমানে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চলছে।
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। এ কর্মসূচির আওতায় প্রতিবছর ৪০ লাখ করে পাঁচ বছরে দুই কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে সারা দেশের ২৫০টি কলেজে লক্ষাধিক গাছ লাগানো হয়েছে। প্রতিটি গাছের পরিচর্যায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে। পাশাপাশি চালু করা হয়েছে ডিজিটাল পর্যবেক্ষণব্যবস্থা।
‘গ্রিন ক্যাম্পাস, গ্রিন এনার্জি’ কর্মসূচির আওতায় ২৫০টি কলেজকে পরিবেশবান্ধব ক্যাম্পাসে রূপান্তরের কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে ১৫০টি কলেজে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের প্রথম পর্যায়ের জরিপ শেষ হয়েছে। ২০৩০ সালের মধ্যে কমপক্ষে এক হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডে সবুজ জ্বালানি সরবরাহের পরিকল্পনাও রয়েছে।
বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে দেশি-বিদেশি ১৫০টি বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, জনস হপকিন্স ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ফর পিস, কোডস্মিথ ও ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন। এ ছাড়া যুক্তরাজ্যের স্যালফোর্ড ইউনিভার্সিটি, চীনের হোপ এডুকেশন, ইউনিসেফ বাংলাদেশ, বাংলাদেশের বায়োটেড, মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়া এবং থাইল্যান্ডের সিনাওয়াত্রা ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা হয়েছে।
পাঠ্যপুস্তক প্রণয়নের জন্য ২৩টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। মানসম্মত মৌলিক পাঠ্যবই তৈরি, গবেষণাগার, একাডেমিক প্রকাশনা ও অনুবাদ কার্যক্রম জোরদার করতে বাংলা একাডেমি, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এবং দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের সঙ্গেও পৃথক সমঝোতা হয়েছে।
শিক্ষার্থী ও ঝরে পড়া তরুণদের জন্য ১০ থেকে ১৪ ক্রেডিটের মাইক্রো-লার্নিং ও মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কোর্সের মাধ্যমে স্বল্প সময়ে নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করা সম্ভব হবে বলে জানিয়েছেন উপাচার্য।
নারী শিক্ষার্থীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেও বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। এর আওতায় ৫০ হাজার নারী শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, অনলাইন সেবা এবং আন্তর্জাতিক বাজারে কাজের সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষা ব্যবস্থাপনায় অগ্রগতির কথা তুলে ধরে উপাচার্য জানিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়মিত, অনিয়মিত ও প্রাইভেট মিলিয়ে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী স্নাতক, স্নাতকোত্তর, প্রিলিমিনারি টু মাস্টার্স এবং ৩৬টি প্রফেশনাল কোর্সে পড়াশোনা করছেন। বছরে প্রায় ১৫৯টি পরীক্ষা নেওয়া হয়।
বর্তমান প্রশাসনের সময়ে ২২১টি পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করা হয়েছে। এসব পরীক্ষায় অংশ নিয়েছেন ৬১ লাখ ২৮ হাজার ৫৯০ জন শিক্ষার্থী। ২০২৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফল মাত্র ২৭ কার্যদিবসে প্রকাশ করা হয়েছে। একই বছরের অনার্স পার্ট-৪ পরীক্ষার ফল প্রকাশে সময় লেগেছে ৪৭ কার্যদিবস।
পরীক্ষার কারণে কলেজের নিয়মিত পাঠদান ব্যাহত হওয়ার সমস্যা সমাধানেও উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে ৩০০টি স্বতন্ত্র জাতীয় পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দেশের ৫০০টি উপজেলায় এসব কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
সেশনজটের বিষয়ে উপাচার্য বলেছেন, বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার সময় বিভিন্ন পর্যায়ে দুই থেকে তিন বছরের বেশি সেশনজট ছিল। ইতিমধ্যে তা কমিয়ে এক বছরে আনা সম্ভব হয়েছে। একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ, পরীক্ষা ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি, মূল্যায়ন প্রক্রিয়ার আধুনিকায়ন এবং প্রশাসনিক সমন্বয় জোরদারের মাধ্যমে এ অগ্রগতি এসেছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সেশনজট শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনার্স প্রথম বর্ষে মানসম্মত শিক্ষার্থী নির্বাচনের লক্ষ্যে ভর্তি পরীক্ষা পুনরায় চালু করা হয়েছে। সারা দেশের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে মেধাভিত্তিক ও প্রতিযোগিতামূলক পদ্ধতিতে শিক্ষার্থী নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ‘রোডম্যাপ ২০৩০’ বাস্তবায়নের উদ্যোগও নেওয়া হয়েছে। এ পরিকল্পনার আওতায় প্রতিটি কলেজকে স্থানীয় পর্যায়ের গবেষণা ও উদ্ভাবনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে বৈশ্বিক উচ্চশিক্ষার পরিসরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও শক্তিশালী করতে গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘অধ্যক্ষ সম্মেলন-২০২৬’। দেশের ৬৪টি জেলা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ১৩৮টি কলেজের অধ্যক্ষরা এতে অংশ নেবেন। সম্মেলন সফল করতে ব্যবস্থাপনা, নিবন্ধন, অভ্যর্থনা, অনুষ্ঠান পরিচালনা, শৃঙ্খলা, যোগাযোগ ও গণমাধ্যম ব্যবস্থাপনার জন্য বিভিন্ন কমিটি কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও প্রস্তুতির সঙ্গে যুক্ত রয়েছেন।



