ঢাবির জগন্নাথ হল থেকে ছাত্রলীগ নেতাকে আটক করে দেওয়া হলো পুলিশে

ছাত্রলীগ নেতা অর্ক সাহা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে হল প্রশাসনের মাধ্যমে শাহবাগ থানা পুলিশের নিকট তাকে সোপর্দ করা হয়েছে।
আজ রবিবার বিকাল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিক্ষার্থীদের হাতে আটক হওয়া ওই ছাত্রলীগ নেতার নাম অর্ক সাহা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক।
হলের প্রভোস্ট দেবাশীষ পাল আগামীর সময়কে জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা হলে থেকে তার অনুসারীদের নিয়ে কার্যক্রম পরিচালনা করেন মর্মে খবর পেয়ে শিক্ষার্থীরা তাকে আটক করেন। পরে আমি খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডিকে জানাই। তাদের উপস্থিতিতে শাহবাগ থানা পুলিশের হাতে তাকে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনা তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান হল প্রভোস্ট দেবাশীষ পাল। তিনি বলেন, ‘কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
জানা গেছে, জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনের ৭০১০ নাম্বার কক্ষে থাকতেন ছাত্রলীগ নেতা অর্ক সাহা। শিক্ষার্থীদের অভিযোগ, হলে থেকেই ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তিনি। তার কার্যক্রম টের পেয়ে তাকে আটক করে হলের শিক্ষার্থীরা।



