উচ্চশিক্ষায় ‘প্ল্যানেটারি হেলথ’ শিক্ষা অন্তর্ভুক্তির তাগিদ

সংগৃহীত ছবি
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বহুমুখী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় উচ্চশিক্ষার পাঠ্যক্রমে জনসম্পৃক্ত ‘প্ল্যানেটারি হেলথ’ শিক্ষা অন্তর্ভুক্ত করার ওপর জোর দিয়েছেন শিক্ষাবিদ, গবেষক ও নীতিনির্ধারকেরা।
গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন কমিউনিটি-ড্রিভেন প্ল্যানেটারি হেলথ এডুকেশন’ শীর্ষক এক আন্তর্জাতিক সিম্পোজিয়ামে বক্তারা এ আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে পরিচালিত ‘ইরাসমাস প্লাস ক্যাটা-আর্থ’ প্রকল্পের আওতায় দিনব্যাপী এ আয়োজনের মূল দায়িত্বে ছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং সহ-আয়োজক ছিল এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে প্ল্যানেটারি হেলথ কোনো বিলাসী ধারণা নয়, বরং এটি জাতীয় উন্নয়নের অন্যতম অগ্রাধিকার। জলবায়ু ও স্বাস্থ্যসংক্রান্ত সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার মাধ্যমে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সমাধান বের করতে হবে।’
তিনি বলেন, ‘ভবিষ্যতের গ্র্যাজুয়েটদের এমন সব জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, যা কোনো নির্দিষ্ট বিষয়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না। তাই চিকিৎসককে যেমন জলবায়ু বুঝতে হবে, তেমনি প্রকৌশলীকে সমাজ এবং অর্থনীতিবিদকে বাস্তুতন্ত্র সম্পর্কে ধারণা রাখতে হবে।’ পাঠ্যক্রম আধুনিকায়ন, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং গবেষণায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বাস দেন।
নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘উপকূলীয় অঞ্চলের বিশ্ববিদ্যালয় হিসেবে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত স্থায়িত্ব, দুর্যোগ ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগোষ্ঠীর সহনশীলতা তৈরিতে শিক্ষা ও গবেষণার মাধ্যমে কাজ করার বিশেষ দায়বদ্ধতা আমাদের রয়েছে। জলবায়ু পরিবর্তন আমাদের চারপাশের মানুষের প্রতিদিনের বাস্তবতা। আমরা চাই, গবেষণা যেন কেবল নথিপত্রে আটকে না থেকে সাধারণ মানুষের কল্যাণ ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে কাজে লাগে।’
বিশেষ অতিথি হিসেবে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশের হেড অব ইউনিট (ইন্টারন্যাশনাল পার্টনারশিপ) ড. মিখাল ক্রেইজা বলেন, ‘এই প্রকল্পের উদ্দেশ্যগুলো ‘ইউরোপিয়ান গ্রিন ডিল’-এর মূল লক্ষ্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। ইউরোপীয় ইউনিয়নের এই কৌশলগত রূপরেখাটি জলবায়ু-নিরপেক্ষ, সম্পদ-সাশ্রয়ী এবং একটি টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করছে।’
নেদারল্যান্ডসের উত্রেখট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক জর্জ ডাউনওয়ার্ড বলেন, ‘জলবায়ু, কৃষি ও জনস্বাস্থ্য আলাদা কোনো বিষয় নয়; বরং এগুলো একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ক্যাটা-আর্থ প্রকল্পের মাধ্যমে এমন একটি শিক্ষাগত কাঠামো তৈরি করা হচ্ছে, যা পরিবেশ ও মানবকল্যাণে ভূমিকা রাখবে। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষকেও সচেতন ও দক্ষ করে তোলা হবে, যাতে তারা নিজেরাই পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখতে পারে।’
স্বাগত বক্তব্যে নোবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন এবং ক্যাটা-আর্থ প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান বলেন, ‘চারপাশের প্রকৃতি সুস্থ থাকলেই কেবল মানুষ সুস্থ থাকতে পারে—এটিই প্ল্যানেটারি হেলথের মূল দর্শন। স্থানীয় জনগোষ্ঠী আমাদের কাজের নিছক বিষয়বস্তু নয়, বরং তারা আমাদের অংশীদার, শিক্ষক ও সহ-নির্মাতা।’ তিনি আরো জানান, এ প্রকল্পের অধীনে চারটি স্বীকৃত কোর্স এবং একটি উন্মুক্ত অনলাইন কোর্স প্রণয়ন করা হচ্ছে।
সিম্পোজিয়ামে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য অধ্যাপক ড. সঙ্গীতা রায়ামাঝি। বাংলাদেশ ছাড়াও নেদারল্যান্ডস, স্পেন ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও বিশেষজ্ঞরা এতে অংশ নেন। আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগ শিক্ষা ও গবেষণার সমন্বয় বাড়িয়ে একটি জলবায়ু-সহনশীল সমাজ গঠনে সহায়ক হবে।



