জাককানইবিতে সংঘর্ষের তদন্ত প্রতিবেদন ঠিক সময়ে প্রকাশ না হলে কঠোর কর্মসূচি

জাককানইবিতে সংঘর্ষের প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা এবং তদন্তের ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
অন্যদিকে, তদন্ত শেষে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় তারা সংঘর্ষের সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তদন্তের ফলাফল প্রকাশের দাবি জানান। পরে উপাচার্য তাদের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও ছাত্র পরামর্শক অধ্যাপক ড. আশরাফ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় উপাচার্য বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের ন্যায়বিচারের দাবি এবং অন্যায়ের বিরুদ্ধে তাদের অবস্থানকে তিনি সমর্থন করেন। প্রশাসনের অবস্থানও একই। তদন্ত কমিটি ঘটনার তদন্ত করছে। এতে জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
উপাচার্য জানান, তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডে জমা দেওয়া হবে। এরপর সিন্ডিকেট সভার মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হবে। তবে তদন্তের ফলাফল সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রকাশ করা হবে কি না, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি।
এদিকে, সংঘর্ষে আহত ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আসাদুর রহমান রবিউল বলেন, ‘আমার রক্ত ঝরেছে, এর জবাব প্রশাসনের দিতেই হবে।’ তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করা হলে শিক্ষার্থীরা তা প্রতিহত করবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।
একই বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ ইশরাক লাবিব বলেন, ‘এমন ঘটনা নজিরবিহীন, তাই এর শাস্তিও নজিরবিহীন হতে হবে। পাঁচ কর্মদিবস শেষে তদন্তের ফলাফল প্রকাশ করতেই হবে বলে দাবি করেন তিনি।’
শিক্ষার্থীরা জানান, প্রশাসনের নির্দেশ অনুযায়ী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে হবে। একই সঙ্গে তদন্তের ফলাফল সবার জন্য উন্মুক্ত করতে হবে, যাতে ঘটনার প্রকৃত চিত্র এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারেন। নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে নজরুল প্রিমিয়ার লীগ (এনপিএল) ক্রিকেট ম্যাচ চলাকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একাধিক শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে কয়েকজনের মাথায় গুরুতর আঘাত লাগে। আহত দুজনের অস্ত্রোপচারও করতে হয়।
ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডে জমা দিতে হবে।



