ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

বক্তব্য দিচ্ছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
এইচএসসি পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পর ভালো ফল করা শিক্ষার্থীরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে, সে জন্য আবেদনের সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যেন সময়ের অপচয় না হয়, সে জন্য সেশনজট কমিয়ে আনতে হবে।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, আগামী ২৩ নভেম্বর এইচএসসি পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে। পুনর্মূল্যায়নে যেসব শিক্ষার্থী ভালো ফল করবে, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে আবেদনের সময়সীমা বাড়ানোর আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাখাতের উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক বিনিয়োগ করছে। ক্রমান্বয়ে এই বিনিয়োগ আরও বাড়ানো হবে। বিশেষ করে বিজ্ঞান-প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে। এ জন্য গবেষকদের যথাযথভাবে কাজে লাগাতে হবে।
পাটের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, পাট বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। এটি পরিবেশবান্ধব, টেকসই ও নিরাপদ। তাই পাটের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে পাটতন্তু দিয়ে তৈরি পণ্যের বহুমুখীকরণ করতে হবে। এ ক্ষেত্রে গবেষকদের আরও বেশি গবেষণা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. ইমরান কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম কনফারেন্সের চিফ প্যাট্রন হিসেবে উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়ানুল আবেদীন সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফাসানি।




