এসএমই মেলা
৫-৯% সুদে মিলছে ব্যাংক এশিয়ার ঋণ

নারী উদ্যোক্তা : জাতীয় এসএমই পণ্যমেলায় জামদানিসহ দেশীয় বিভিন্ন শাড়িতে নান্দনিক নকশা ফুটিয়ে তোলেন নারী উদ্যোক্তা সায়মা সুলতানা স্নিগ্ধা। গতকাল আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে - আশরাফুল আলম
কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণ এবং সহজ শর্তে ৫-৯ শতাংশ ঋণ দিচ্ছে ব্যাংক এশিয়া। রাজধানীতে চলমান জাতীয় এসএমই পণ্যমেলায় গোল্ড স্পন্সর হিসেবে ভূমিকা রাখছে ব্যাংকটি। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া সাত দিনব্যাপী এ মেলায় গতকাল বৃহস্পতিবারও লোকসমাগম ছিল চোখে পড়ার মতো। মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশনের আয়োজনে মেলায় অংশ নেওয়া প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তা। এবার মেলায় প্রধান আকর্ষণ ‘ব্যাংকার-এন্ট্রাপ্রেনিউর লোন লিংকেজ প্রোগ্রাম’। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত ৩৩টি স্টলের মধ্যে ব্যাংক এশিয়ার নিজস্ব স্টলে আসা উদ্যোক্তারা সরাসরি ঋণের শর্ত, যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্র এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে পরামর্শ নিতে পারছেন।
৫ থেকে ৯ শতাংশ সুদে একাধিক বিশেষ তহবিল: এসএমই খাতে সাশ্রয়ী অর্থায়ন করতে বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা স্কিম বাস্তবায়নে একাধিক পুনঃঅর্থায়ন তহবিলের সঙ্গে যুক্ত হয়েছে ব্যাংক এশিয়া। ফলে ২৫ হাজার কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন, ৩ হাজার কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্সিং এবং ১ হাজার ৫০০ কোটি টাকার এফএসএফডিএমএসএমই স্কিমের মাধ্যমে যোগ্য উদ্যোক্তাদের ৭ শতাংশ সুদে ঋণ দিচ্ছে ব্যাংকটি। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার সিএমএসএমই ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স ফান্ডের আওতায় অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া। যার মাধ্যমে মূলধন সংকটে থাকা যোগ্য উদ্যোক্তারা ৯ শতাংশ সুদে ঋণ পাচ্ছেন। এর আগে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করে ব্যাংক এশিয়া।
নারী ও নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণপণ্য: নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করতে ‘সুবর্ণ’ ঋণ চালু রয়েছে। এ তহবিল থেকে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে মেয়াদি ও ব্যবসা সম্প্রসারণের জন্য জামানতবিহীন ৫০ লাখ এবং জামানতসহ ১ কোটি টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারছেন।
মেলায় অংশগ্রহণ প্রসঙ্গে ব্যাংক এশিয়ার হেড অব স্মল বিজনেস মোহাম্মদ সাইফুদ্দৌলা বলেছেন, ‘জাতীয় এসএমই পণ্যমেলা দেশীয় উদ্যোক্তাদের সৃজনশীলতা ও পণ্যের মান তুলে ধরার অন্যতম বড় মঞ্চ। গোল্ড স্পন্সর হিসেবে এ মেলার সঙ্গে যুক্ত হয়ে আমরা উদ্যোক্তাদের শুধু পণ্য বিপণনের সুযোগ নয়, বরং স্থায়ী সম্পদ ক্রয়, ব্যবসা সম্প্রসারণ ও চলতি মূলধন বৃদ্ধির জন্য ৫ থেকে ৯ শতাংশ সুদের সাশ্রয়ী অর্থায়নের সঙ্গে সরাসরি সেতুবন্ধ তৈরি করে দিচ্ছি।’



