আসনবিন্যাস ৩ কোডিং-ডিকোডিংয়ে ৪ ও ৫ টাকা!

সংগৃহীত ছবি
সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ ও পদোন্নতি পরীক্ষার আনুষঙ্গিক ব্যয়ের হার পুনর্নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। নতুন নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষার্থী প্রতি আসনবিন্যাস বাবদ ৩ টাকা, প্রচলিত কোডিং ও ডিকোডিংয়ে ৪ এবং লিথোগ্রাফিক কোডিং ও ডিকোডিংয়ের জন্য ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা এক পরিপত্রে নিয়োগ এবং পদোন্নতি-সংশ্লিষ্ট কাজের এই নতুন সম্মানী ও পারিতোষিকের হার জানানো হয়। পরিপত্র অনুযায়ী, প্রশ্নপত্র প্রণয়ন, বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সদস্য এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা বোর্ডের বিশেষজ্ঞরা জনপ্রতি ৬ হাজার টাকা সম্মানী পাবেন। পূর্ণ উত্তরপত্র পরীক্ষণের জন্য ১৩০, অবজেকটিভের জন্য ৩৫ এবং উত্তরপত্র নিরীক্ষণের জন্য ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষা পরিচালনার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারীরা দৈনিক ১ হাজার ৮০০, দশম থেকে ষোড়শ গ্রেডের কর্মচারীরা ১ হাজার ২০০ এবং ১৭তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ১ হাজার টাকা সম্মানী পাবেন। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রের পরিদর্শকদের জন্য ১ হাজার ৮০০, ভেন্যুর সমন্বয়কারীর জন্য ৩ হাজার ৫০০ এবং খাতা পুনর্মূল্যায়নের জন্য ৫০ টাকা ধার্য করা হয়েছে।
পরিপত্রে আরও বলা হয়েছে, ট্রাংক, তালা-চাবিসহ বিবিধ আনুষঙ্গিক দ্রব্য বাবদ সর্বোচ্চ ১৫ হাজার টাকা ব্যয় করা যাবে। তবে এই যাবতীয় ব্যয় নিজ নিজ দপ্তরের বরাদ্দ করা বাজেট থেকেই মেটাতে হবে, অতিরিক্ত কোনো অর্থ দাবি করা যাবে না। পরিপত্র জারির তারিখ থেকেই নতুন এই হার কার্যকর হবে এবং এর ফলে ২০২৫ সালের ২০ অক্টোবর জারি করা আগের স্মারকটি বাতিল বলে গণ্য হবে।




