বাড়ল বার্জারের কারখানা নির্মাণ বাজেট

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় কারখানা প্রকল্পের জন্য বাজেট আবারও বাড়িয়েছে। এবার বাড়িয়ে ১ হাজার ১৮৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পে উন্নত নিরাপত্তাব্যবস্থা, ডিজিটাল প্রযুক্তি ও স্বয়ংক্রিয়করণ সুবিধা যুক্ত করতে এ সংশোধন এনেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। একই সঙ্গে কারখানাটিতে উৎপাদন শুরুর সময় পিছিয়ে ২০২৮ সালের এপ্রিল নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।
কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বার্জার পেইন্টসের তৃতীয় কারখানা স্থাপনের জন্য শুরুতে ৮১৩ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছিল। তবে তা বাড়িয়ে গত বছরের নভেম্বরের শুরুতে ৯৮০ কোটি টাকা করা হয়। এরপর গতকাল আবারও তা আরেক দফা বাড়িয়ে ১ হাজার ১৮৪ কোটি টাকা নির্ধারণ করেছে।
গত বছরের নভেম্বরের কারখানার নকশা পরিবর্তন করার কারণে বাজেট বাড়ানো হয়েছিল। এবার প্রকল্পের সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার প্রভাবও বিবেচনায় নেওয়া হয়েছে।
সংশোধিত পরিকল্পনা অনুযায়ী, কারখানাটিতে উৎপাদন শুরু হবে ২০২৮ সালের এপ্রিল মাসে। নতুন কারখানাটি চালু হলে কোম্পানিটির উৎপাদন সক্ষমতা ও পরিচালন দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।



