পোশাকশিল্পে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে
- বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি উৎপাদনশীলতা ও পরিবেশগত স্থায়িত্ব বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান জানালেন তিনি।
মন্ত্রী বললেন, ‘আন্তর্জাতিক ক্রেতাদের পরিবর্তিত চাহিদা এবং নতুন বাণিজ্যিক ও পরিবেশগত মানদণ্ড পূরণে শিল্পকারখানাগুলোকে এখন থেকেই প্রস্তুত হতে হবে। এখন পর্যন্ত অর্জিত ফলাফলগুলো আমাদের ভিত্তি মাত্র, শেষ গন্তব্য নয়। একটি কমপ্লায়েন্ট ও প্রতিযোগিতামূলক বস্ত্র খাত গড়ে তুলতে শিল্পমালিক, শ্রমিক এবং অংশীদারদের সঙ্গে নিয়ে আমাদের এই ভিত্তির ওপর দাঁড়িয়ে আরও এগিয়ে যেতে হবে।’
গতকাল রবিবার ঢাকার এক হোটেলে ‘স্কিলস ফর সেলফ-মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স উইথ ক্লিন অ্যান্ড ফেয়ার প্রোডাকশন ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি’ প্রকল্পের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয় ও এসসিএআইপি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগী ছিল ‘সাসটেইনেবিলিটি ইন টেক্সটাইল অ্যান্ড লেদার ইন্ডাস্ট্রি’ প্রকল্প।
বাণিজ্যমন্ত্রী বললেন, দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে বস্ত্র ও পোশাক খাত থেকে। এ খাত লাখ লাখ মানুষের, বিশেষ করে নারীদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



