চলতি অর্থবছরের প্রথম তিন মাস
এক টাকাও খরচ হয়নি অনেক মন্ত্রণালয়ের

গ্রাফিকস: আগামীর সময়
চলতি অর্থবছরের তিন মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৩ দশমিক ৯ শতাংশ। এই হার গত কয়েক বছরের তুলনায় কম। গত অর্থবছরের একই সময়ে বাস্তবায়ন হয়েছিল ৫ দশমিক ০৯ শতাংশ। তিন মাস পেরিয়ে গেলেও এক টাকাও খরচ করতে পারেনি অনেক মন্ত্রণালয় ও বিভাগ।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মাসিক অগ্রগতি প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। আজ রবিবার সংস্থাটি এ তথ্য প্রকাশ করেছে।
আইএমইডি বলছে, এ বছর এডিপিতে মোট বরাদ্দ ৩ লাখ ৮ হাজার ৯২৫ কোটি টাকা। এর মধ্যে গত তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করতে পেরেছে ১২ হাজার ১৮ কোটি টাকা। গত অর্থবছরে খরচ হয়েছিল ১২ হাজার ১৫৮ কোটি টাকা। এডিপি বাস্তবায়ন কম হওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি কমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে বর্তমান সরকারের রি স্কোপিং ও রিপারপাসিং কার্যক্রম। অর্থাৎ অতিমাত্রায় যাচাই বাছাই মন্থর করে দিয়েছে উন্নয়নের গতি। এ ছাড়া অর্থ ছাড়ে সমস্যাও রয়েছে।
আইএমইডি বলছে, ২০২৪-২৫ অর্থ বছরের তিন মাসে এডিপির বাস্তবায়ন হার ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরে ৭ দশমিক ৫০ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে বাস্তবায়ন হয়েছিল ৮ দশমিক ৫৫ শতাংশ।
এডিপি বাস্তবায়নে এগিয়ে রয়েছে সংসদ বিষয়ক সচিবালয়, দুদক, মন্ত্রিপরিষদ বিভাগ, আইন ও বিচার বিভাগ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
বাস্তবায়নে পিছিয়ে আছে-সেতু বিভাগ শূন্য শতাংশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় শূন্য দশমিক ৬৩ শতাংশ, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় শূন্য দশমিক ০৭ শতাংশ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় শূণ্য শতাংশ বাস্তবায়ন। এ ছাড়া আরও অনেক মন্ত্রণালয় ও বিভাগের বাস্তবায়ন হার ১ শতাংশের নিচে রয়েছে।



