অনলাইনে ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় ২৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো সুদ বা জরিমানা দিতে হবে না। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।
এনবিআর জানায়, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে মূল্য সংযোজন কর (ভ্যাট) আইনে সংশোধন আনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইলেকট্রনিক ভ্যাট (ই-ভ্যাট) ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনার কাজ চলছে। এ কারণে প্রথম প্রান্তিকের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ভ্যাট রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ছিল ১৫ অক্টোবর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যবসায়ীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন। এনবিআরের আদেশে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ দেওয়া ক্ষমতাবলে এ সময়সীমা বাড়ানো হয়েছে।



