উৎপাদনে ফিরেছে আরএকে সিরামিকসের লাইন-৩

সংগৃহীত ছবি
টাইলস উৎপাদন লাইন-৩-এর কার্যক্রম পুনরায় শুরু করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত তথ্যে কোম্পানিটি জানিয়েছে, গত ২৬ জুলাইয়ের ঘোষণার ধারাবাহিকতায় টাইলস উৎপাদন লাইন-৩ পুনরায় চালু করা হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, আরএকে সিরামিকসের টাইলস প্ল্যান্টে মোট চারটি উৎপাদন লাইন রয়েছে। এর মধ্যে উৎপাদন লাইন-২-এর যন্ত্রপাতি গত ২৪ আগস্ট থেকে রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে।
রক্ষণাবেক্ষণ চলাকালে প্ল্যান্টের উৎপাদন লাইন-১ ও লাইন-৩ থেকে উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়ে লাইন-২ পুনরায় চালুর উপযোগী হলে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
এদিকে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) আরএকে সিরামিকসের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪৯ পয়সা। অর্থাৎ আগের বছরের লোকসানের তুলনায় চলতি সময়ে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৫৪ পয়সা বা ১১০ শতাংশ।
অন্যদিকে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪৩ পয়সা। ফলে এ সময়ে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৬১ পয়সা বা ১৪২ শতাংশ।
গত ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৮ পয়সায়।






