ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, বিভ্রান্ত ভক্তরা

হুট করেই ছুটির দুপুরে সামাজিকমাধ্যমে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। কোনো সূত্র ছাড়াই অনেকে লিখছেন ঢাকাই সিনেমার এই অভিনেতা মারা গেছেন। সালাম মুর্শেদী নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই গুজব ছড়ায়। তবে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ জানিয়েছেন, ইলিয়াস কাঞ্চন ভালো আছেন। তার মৃত্যুর খবরটি পুরোটাই গুজব।
ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেতা বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। লিটন এরশাদ বলছেন, ‘তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের কোনো সংবাদে বিভ্রান্ত হবেন না। আপনাদের ভালোবাসার মানুষ ইলিয়াস কাঞ্চন ভালো আছেন, সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’
‘এ ধরনের সংবাদ যারা প্রকাশ করছেন তাদের প্রতি তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি। প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে।’ যোগ করেন ইলিয়াস কাঞ্চনের ঘনিষ্ঠ লিটন এরশাদ।
ইলিয়াস কাঞ্চন ১৫ মাসেরও বেশি সময় লন্ডনে চিকিৎসা নেওয়ার পর গত ৩ আগস্ট দেশে ফিরেছিলেন। পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে কিছুটা সময় কাটাতেই দেশে ফেরেন তিনি। গত ৭ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত নিসচার ১১তম মহাসমাবেশেও যোগ দেন ইলিয়াস কাঞ্চন। পরে পরিবারের সঙ্গে সময় কাটাতে তার কিশোরগঞ্জের গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল।
দেশে ফেরার পর নিজের শারীরিক অবস্থা নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছিলেন এই অভিনেতা। গত ৯ আগস্ট রাতে তিনি বলেছিলেন, দেশে ফেরার পর নিজেকে কিছুটা বেশি স্বস্তিতে অনুভব করছেন। সবার সঙ্গে দেখা করা ও কথা বলতে তার ভালো লাগছে। একই সঙ্গে দ্রুত চিকিৎসা শেষ করে দেশে ফিরতে সবার কাছে দোয়া চেয়েছিলেন তিনি।
এদিকে, মৃত্যুর গুজব ছড়ানোয় অনেকেই বিভ্রান্ত হয়েছেন, অনেকেই গুজব ছড়ানো ব্যক্তিদের শাস্তির দাবিও জানিয়েছেন।







