বিএসইসিতে যোগ দিলেন নতুন চেয়ারম্যান-কমিশনার

ছবি: আগামীর সময়
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) সদ্য নিয়োগ পাওয়া নতুন চেয়ারম্যান মাসুদ খান এবং তিনজন কমিশনার আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তারা নিজেদের কর্মস্থলে যোগদান করেন। নতুন নিয়োগ পাওয়া তিন কমিশনার হলেন নাহিদ মাহতাব, তানভীর হাবিব রহমান এবং মো. নাফিজ আল তারিক।
চেয়ারম্যান ও কমিশনারদের যোগদান উপলক্ষে বিএসইসি কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারেক।
এর আগে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে নতুন নেতৃত্বকে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী যোগদানের তারিখ হতে আগামী চার বছরের জন্য তাঁদেরকে স্ব-স্ব পদে নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে, অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে বিদ্যমান সকল কর্ম-সম্পর্ক তাঁদের পরিত্যাগ করতে হবে। এছাড়া, তাঁদের বেতন-ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা সরকারের সাথে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।




