এনসিসি ব্যাংকের ২০ শাখা হবে ইসলামী

সংগৃহীত ছবি
এনসিসি ব্যাংকের ২০টি প্রচলিত ব্যাংকিং শাখাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখায় রূপান্তরের নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ১৭ আগস্ট এ অনুমোদন দেওয়া হয়। বুধবার (১৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শর্ত ও বিধিবিধান পরিপালন করে এসব শাখাকে ইসলামী ব্যাংকিং শাখায় রূপান্তর করা হবে। সংশ্লিষ্ট নির্দেশিকার সেকশন-২-এর ক্লজ-সি অনুযায়ী এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের শর্ত পূরণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এনসিসি ব্যাংক। এরপর অন্যান্য প্রযোজ্য নিয়ন্ত্রক বিধিবিধান অনুসরণ করে রূপান্তরের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
এদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১২ শতাংশ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের ছয় মাসে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৬ পয়সা। ফলে ইপিএস বেড়েছে ২২ পয়সা বা ১২ শতাংশ।
অন্যদিকে এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ১ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ৯৬ পয়সা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ৫ পয়সা বা ৫ শতাংশ।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিনিয়োগ থেকে আয় বৃদ্ধি এবং শেয়ারে রাখা প্রভিশনের একটি অংশ পুনরুদ্ধার হওয়ায় চলতি সময়ে ইপিএস বেড়েছে। গত ৩০ জুন ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৩৯ পয়সা।






