গুজব ছড়ালে ব্যবস্থা, বিএসইসির সতর্কতা

গ্রাফিকস: আগামীর সময়
‘শেয়ারবাজারে বড় দরপতন হতে যাচ্ছে’— সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বার্তা ছড়িয়ে পড়ছে। কেউ কেউ আবার দরপতন ঘটানো হবে বলেও প্রচার করছেন। এসব প্রচারকে ভিত্তিহীন গুজব বলে সতর্ক করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
একই সঙ্গে এ ধরনের তথ্য ছড়িয়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, এমন অসত্য ও ভিত্তিহীন তথ্য প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কমিশন।
আজ শনিবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানায় বিএসইসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে পুঁজিবাজারে বড় ধরনের দরপতন ঘটবে বা ঘটানো হবে— এমন ঘোষণা দিয়ে অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং শেয়ার করার বিষয়টি কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। এসব প্রচারিত তথ্যের কোনো সত্যতা নেই। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজবনির্ভর। এ ধরনের তথ্য বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সংশ্লিষ্ট সবাইকে এসব তথ্য প্রচার ও শেয়ার করা থেকে বিরত থাকার বিশেষ অনুরোধ জানিয়েছে বিএসইসি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি কমিশনের বিবেচনায় রয়েছে। শেয়ারবাজারের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ও সচেতন ভূমিকা প্রত্যাশা করেছে কমিশন।



