প্রথম প্রান্তিকে ডেসকোর মুনাফা বেড়েছে

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মুনাফা বেড়েছে। কোম্পানিটি জানিয়েছে, আলোচ্য প্রান্তিকে বিদ্যুৎ বিতরণ থেকে রাজস্ব, পরিচালন আয় ও সুদ আয় বৃদ্ধি পাওয়ায় সার্বিক আয় বেড়েছে। এর প্রভাব পড়েছে মুনাফায়। গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।
প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ডেসকোর শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৩ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৪৫ পয়সা।
অন্যদিকে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১২ টাকা ৭২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৪৮ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ৭ টাকা ২৪ পয়সা বেড়েছে। কোম্পানিটির তথ্য অনুযায়ী, বিদ্যুৎ বিক্রির বিপরীতে গ্রাহকদের কাছ থেকে নগদ অর্থ আদায় বৃদ্ধি এবং সুদ আয় থেকে বেশি অর্থ পাওয়ায় নগদ অর্থপ্রবাহে এই উল্লম্ফন দেখা গেছে।
গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৯৫ পয়সা, যা গত ৩০ জুন ২০২৬ শেষে ছিল ৩৯ টাকা ২৩ পয়সা। সে হিসাবে তিন মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে ১ টাকা ৭২ পয়সা।
২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ডেসকো। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা। সে হিসাবে মোট শেয়ারসংখ্যা ৩৯ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ৮০৪টি। কোম্পানিটির মোট শেয়ারের ৬৭ দশমিক ৬৬ শতাংশই রয়েছে সরকারের কাছে। এ ছাড়া ২৩ দশমিক ৯৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ বিদেশি বিনিয়োগকারী ও বাকি ৮ দশমিক ৩৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।



