লোকসানি বিডি থাইয়ের অস্বাভাবিক দর বৃদ্ধি

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমনিয়াম কয়েক বছর ধরে লোকসানে রয়েছে। যাতে কোম্পানিটি থেকে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রাপ্তি নাই হয়ে গেছে। এ অবস্থার মধ্যে কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে।
দেখা গেছে, গত ১৮ মে বিডি থাই অ্যালুমনিয়ামের শেয়ার দাম ছিল ১২ দশমিক ৩০ টাকায়। যা ১৬ জুন বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৪০ টাকায়। ফলে গত ১ মাসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৮ দশমিক ১০ টাকা বা ৬৬ শতাংশ।
এমন অস্বাভাবিক দর বৃদ্ধি নিয়ে বিডি থাই অ্যালুমনিয়াম কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।
অথচ ১৯৯০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বিডি থাই অ্যালুমনিয়াম ২০২২-২৩ অর্থবছর থেকে লোকসানে রয়েছে। ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ০ দশমিক ৫২ টাকা করে মোট ৬ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়। এরপর ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারপ্রতি ০ দশমিক ৮৫ টাকা করে মোট ১০ কোটি ৮১ লাখ টাকা ও ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি ২ দশমিক ০১ টাকা করে মোট ২৫ কোটি ৭২ লাখ টাকা লোকসান হয়। লোকসানের এই ধারাবাহিকতা চলতি অর্থবছরেও অব্যাহত আছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই ২৫-মার্চ ২৬) শেয়ারপ্রতি ২ দশমিক ২৮ টাকা লোকসান হয়েছে। এ হিসাবে ৯ মাসে মোট লোকসান হয়েছে ২৯ কোটি ১৩ লাখ টাকা।
এমন লোকসানে কোম্পানিটির গত ৩১ মার্চ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৬ দশমিক ৩১ টাকায় নেমে এসেছে।
অন্যদিকে কোম্পানিটির ব্যবসায় কয়েক বছরের লোকসানে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রাপ্তি শূন্য হয়ে গেছে। কোম্পানিটি থেকে গত চার বছরের মধ্যে শুধু ২০২৪ সালে ০ দশমিক ২৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছিল।




