শেয়ারবাজারে এগোচ্ছে বিশ্ব, পিছিয়ে বাংলাদেশ

বিশ্বের বড় বড় কোম্পানিগুলো শেয়ারবাজারকে কাজে লাগিয়ে নিজেদের ব্যবসা সম্প্রসারণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। দক্ষিণ কোরিয়ার স্যামসাং, ভারতের রিলায়েন্স ও ইনফোসিস, যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট এবং তাইওয়ানের টিএসএমসি এর অন্যতম উদাহরণ। অথচ স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় পার হলেও দেশের শেয়ারবাজার শিল্পায়নের সেই কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।
এ দীর্ঘ সময়ে ৪০০টিরও কম কোম্পানি তালিকাভুক্ত হয়েছে, যার অধিকাংশই ২০ কোটি টাকার নিচে মূলধন সংগ্রহ করেছে। গত দুই বছরে দেশের বাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে নতুন কোম্পানির তালিকাভুক্তি হয়নি।
বিশ্বের বৃহৎ কোম্পানিগুলো প্রমাণ করেছে, শেয়ারবাজার শুধু শেয়ার কেনাবেচার স্থান নয়; বরং এটি শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান অর্থায়নব্যবস্থা। বাংলাদেশের অর্থনীতিতেও এই সম্ভাবনা প্রবল। কিন্তু ভালো মৌলভিত্তিক কোম্পানিকে বাজারে আনা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কার্যকর উদ্যোগ না থাকলে শেয়ারবাজারের মাধ্যমে অর্থনীতির টেকসই অগ্রযাত্রা নিশ্চিত করা কঠিন হবে।
সফল কোম্পানিগুলোর দিকে তাকালে শেয়ারবাজারের শক্তির বিষয়টি স্পষ্ট হয়। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিকস ১৯৭৫ সালে দেশটির শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। টেলিভিশন, স্মার্টফোন ও গৃহস্থালি পণ্যের পাশাপাশি সেমিকন্ডাক্টর ও মেমোরি চিপের ব্যবসায় বিশ্ব জুড়ে অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালে স্যামসাংয়ের আয় ছিল ৩৩৩ দশমিক ৬ ট্রিলিয়ন ওন এবং পরিচালন মুনাফা ৪৩ দশমিক ৬ ট্রিলিয়ন ওন। গবেষণা ও উন্নয়নে তারা ব্যয় করেছে প্রায় ৩৭ দশমিক ৮ ট্রিলিয়ন ওন।
ভারতের ইনফোসিসের যাত্রা শুরু ১৯৮১ সালে মাত্র ২৫০ ডলার মূলধন নিয়ে। সাতজন প্রকৌশলীর প্রতিষ্ঠিত কোম্পানিটি ১৯৯৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় দাঁড়ায় ১৯ দশমিক ২৮ বিলিয়ন ডলারে। বর্তমানে কর্মীসংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ২৩ হাজার।
যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে ৬ কোটি ১০ লাখ ডলার সংগ্রহ করে। সে সময় প্রতিষ্ঠানটির কর্মী ছিল ১ হাজার ১৫৩ জন। ২০২৫ অর্থবছরে কোম্পানিটির আয় দাঁড়িয়েছে ২৮১ দশমিক ৭ বিলিয়ন ডলারে এবং কর্মীসংখ্যা প্রায় ২ লাখ ২৮ হাজার।
ভারতের রিলায়েন্স ১৯৭৭ সালে আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে আসে। ওই আইপিওতে প্রস্তাবিত শেয়ারের প্রায় সাত গুণ আবেদন জমা পড়েছিল। ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির বিক্রি ও সেবা থেকে আয় ছিল ১০ লাখ ৭১ হাজার ১৭৪ কোটি রুপি। তাইওয়ানের টিএসএমসি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৯৪ সালে তালিকাভুক্ত হয়। বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানটির ২০২৫ সালে আয় ছিল ১২২ বিলিয়ন ডলারের বেশি।
বৈশ্বিক এই অগ্রযাত্রার বিপরীতে দেশে নতুন ও ভালো কোম্পানির তালিকাভুক্তির প্রবাহ প্রায় থমকে গেছে। ভালো কোম্পানিগুলো কেন শেয়ারবাজারে আসছে না, উদ্যোক্তারা ব্যাংকঋণের ওপর নির্ভর করছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেছেন, দেশের শেয়ারবাজারের বড় দুর্বলতা হলো, এটি শিল্পায়ন ও ব্যবসা সম্প্রসারণের অর্থায়নের প্রধান মাধ্যম হয়ে উঠতে পারেনি। বিশ্বের বড় বড় কোম্পানি শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ করে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করেছে। অথচ দেশে প্রতিষ্ঠিত কোম্পানিগুলোকে বাজারে আনা যাচ্ছে না। এর পেছনে একদিকে উদ্যোক্তাদের অনাগ্রহ, অন্যদিকে দীর্ঘদিনের নীতিগত অসংগতি ও আস্থার সংকট রয়েছে।



