অস্তিত্ব সংকটে বস্ত্র খাতের ১৪ কোম্পানি

গ্রাফিকস: আগামীর সময়
শেয়ারবাজারে বস্ত্র খাতে ৫৮টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে বেশিরভাগ কোম্পানির ব্যবসায় মন্দা আরও প্রকট হয়ে উঠেছে। একদিকে লোকসানে রয়েছে ১২টি কোম্পানি, অন্যদিকে মুনাফা করা ২৫ কোম্পানির মধ্যে ১৩টির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে। কমেছে বেশ কয়েকটি কোম্পানির লভ্যাংশ ঘোষণার পরিমাণও। এমনকি খাতটির ১৪টি কোম্পানির অস্তিত্ব ঝুঁকিতে রয়েছে বলে নিরীক্ষকরা তাদের প্রতিবেদনে জানিয়েছেন। এর বাইরে দীর্ঘদিন ধরে ১৮টি কোম্পানি আর্থিক হিসাব প্রকাশ করছে না। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদন ও লভ্যাংশ ঘোষণার তথ্য বিশ্লেষণে উঠে এসেছে এমন উদ্বেগজনক চিত্র।
এ বিষয়ে এস্কয়ার নিট কম্পোজিটের সচিব মনির হোসাইন আগামীর সময়কে বললেন, ‘বস্ত্র খাতের মন্দার পেছনে অনেক কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম গ্যাস ও বিদ্যুৎ সংকট। এ ছাড়া কাঁচামাল আমদানি খরচ বৃদ্ধি, রপ্তানি দর বৃদ্ধি না পাওয়া, শ্রমিক অসন্তোষ, সুদহার বৃদ্ধি, ভারত থেকে সুতা আমদানি বন্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় এ খাতটিতে নেতিবাচক প্রভাব পড়েছে।’
প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বস্ত্র খাতের ৩৭টি কোম্পানি ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদন প্রকাশের পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করেছে। অন্য তিনটি এখনো আর্থিক হিসাব প্রকাশ ও লভ্যাংশ-সংক্রান্ত সভা করেনি। লভ্যাংশ ঘোষণা করা ৩৭টি কোম্পানির মধ্যে সাতটি কোনো লভ্যাংশ দেয়নি। আর আগের অর্থবছরের তুলনায় লভ্যাংশ কমিয়েছে ১২টি কোম্পানি। অন্যদিকে, মুনাফা করা ২৫টি কোম্পানির মধ্যে ১৩টির ইপিএস আগের অর্থবছরের তুলনায় কমেছে। অর্থাৎ মুনাফায় থাকলেও এসব প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি মুনাফা কমেছে। এর ফলে কোম্পানিগুলোর মুনাফা ও বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রাপ্তির ক্ষেত্রে নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।
কোম্পানিভিত্তিক তথ্যে দেখা যায়, স্কয়ার টেক্সটাইলের ইপিএস আগের অর্থবছরের ৭ টাকা ২৪ পয়সা থেকে কমে ৪ টাকা ৫০ পয়সা হয়েছে। আরগন ডেনিমসের ইপিএস ১ টাকা ৬৮ পয়সা থেকে কমে ১ টাকা ১৬ পয়সা হয়েছে। দেশ গার্মেন্টসের ইপিএস ৭৩ পয়সা থেকে কমে ৪৮ পয়সা এবং সায়হাম টেক্সটাইলের ৫৯ পয়সা থেকে কমে ২৯ পয়সা হয়েছে। শাশা ডেনিমসের ইপিএসও ১ টাকা ৫৭ পয়সা থেকে কমে ১ টাকা ৩ পয়সায় দাঁড়িয়েছে। তসরিফা ইন্ডাস্ট্রিজের ইপিএস ৭৫ পয়সা থেকে কমে ৩০ পয়সা হয়েছে। লভ্যাংশের ক্ষেত্রেও নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। দেশ গার্মেন্টসের লভ্যাংশ ৩ শতাংশ থেকে কমে ২ শতাংশ, দুলামিয়া কটনের ৩ থেকে ১ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৬ থেকে ৫ শতাংশ এবং তসরিফা ইন্ডাস্ট্রিজের ৪ থেকে কমে দেড় শতাংশ হয়েছে। মুন্নু ফেব্রিক্স ও ভিএফএস থ্রেডের লভ্যাংশও উল্লেখযোগ্যভাবে কমেছে।
এদিকে, ১২টি কোম্পানি লোকসানে রয়েছে। এর মধ্যে ফারইস্ট নিটিং, এস্কয়ার নিট, আলহাজ্ব টেক্সটাইল, এমএল ডাইং, ড্রাগন সোয়েটার, স্টাইলক্রাফট, তাল্লু স্পিনিং, জাহিন স্পিনিং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, শার্প ইন্ডাস্ট্রিজ, সাফকো স্পিনিং ও আনলিমা ইয়ার্ন ডাইং রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটির লোকসান আগের বছরের তুলনায় আরও বেড়েছে।
সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে অস্তিত্বের ঝুঁকিতে থাকা কোম্পানিগুলোকে ঘিরে। নিরীক্ষকদের প্রতিবেদনে বস্ত্র খাতের ১৪টি কোম্পানির অস্তিত্ব নিয়ে ঝুঁকির কথা উঠে এসেছে। প্রতিষ্ঠানগুলো হলো অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আনলিমা ইয়ার্ন ডাইং, দুলামিয়া কটন, মেট্রো স্পিনিং, মিথুন নিটিং, প্যাসিফিক ডেনিমস, প্রাইম টেক্সটাইল, রিং শাইন টেক্সটাইল, সাফকো স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল, তাল্লু স্পিনিং, ঢাকা ডাইং, তুং হাই নিটিং ও জাহিন স্পিনিং।
এ ছাড়া ১৮টি কোম্পানি দীর্ঘদিন ধরে আর্থিক হিসাব প্রকাশ করছে না। এসব কোম্পানির সর্বশেষ আর্থিক অবস্থা, ব্যবসায়িক কার্যক্রম ও মুনাফা-লোকসানের প্রকৃত চিত্র সম্পর্কে বিনিয়োগকারীরা হালনাগাদ তথ্য পাচ্ছেন না। কোম্পানিগুলো হলো জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, নিউ লাইন ক্লোথিংস, নূরানি ডাইং, প্যাসিফিক ডেনিমস, প্রাইম টেক্সটাইল, জেনারেশন নেক্সট, হামিদ ফেব্রিক্স, এইচআর টেক্সটাইল, তুং হাই নিটিং, রিজেন্ট টেক্সটাইল, রিং শাইন টেক্সটাইল, মিথুন নিটিং, মেট্রো স্পিনিং, ফ্যামিলিটেক্স, ম্যাকসন্স স্পিনিং, সিঅ্যান্ডএ টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ ও আলিফ ম্যানুফ্যাকচারিং। দীর্ঘদিন আর্থিক তথ্য প্রকাশ না করায় এসব কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন সৃষ্টি হয়েছে।



