এপেক্স ওয়েভিংয়ের কার্যক্রম পরিদর্শন করবে ডিএসই

গ্রাফিকস: আগামীর সময়
শেয়ারবাজারের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত এপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডের সার্বিক কার্যক্রম পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদত্যাগ এবং কারখানার লে-অফের মেয়াদ বাড়ানোর ঘোষণায় এই নজরদারি শুরু হচ্ছে। এসব সিদ্ধান্তে কোনো ধরনের অনিয়ম বা আইনগত ব্যত্যয় ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে স্টক এক্সচেঞ্জটিকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এজন্য ডিএসইকে কোম্পানিটির সংশ্লিষ্ট নথিপত্র, তথ্য প্রকাশ-সংক্রান্ত দলিল এবং পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত পর্যালোচনা করতে হবে। প্রয়োজনে কোম্পানি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকেও ব্যাখ্যা নিতে পারবে তারা। পরিদর্শন শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র, পর্যবেক্ষণসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিশনে।
সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পরিদর্শন শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে। এতে কোম্পানিটির সংশ্লিষ্ট নথিপত্র, তথ্য প্রকাশ এবং পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত পর্যালোচনা করে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা রয়েছে।
বিএসইসির চিঠি সূত্রে জানা যায়, ২০২৬ সালের ১২ আগস্ট এপেক্স ওয়েভিংয়ের কাছ থেকে একটি চিঠি পায় কমিশন। সেখানে কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন বলে জানানো হয়। নতুন চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত পরিচালক ইফফাত রশীদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়েছিল। অন্যদিকে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ কারখানার লে-অফের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর অনুমোদন দিয়েছে। ১৩ আগস্ট ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর করার কথা জানানো হয়েছে। ফলে চেয়ারম্যানের পদত্যাগের পাশাপাশি কারখানার লে-অফ-সংক্রান্ত সিদ্ধান্তও ডিএসইর পরিদর্শনের আওতায় আসছে।
কমিশন মনে করছে, এসব ঘটনার সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ এবং শেয়ারবাজারের উন্নয়নের বিষয়টি জড়িত। তাই কোম্পানির সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, সংশ্লিষ্ট তথ্য প্রকাশ এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা প্রয়োজন। বিশেষ করে এসব ঘটনায় প্রযোজ্য সিকিউরিটিজ আইন, বিধিমালা, প্রবিধান এবং ডিএসইর তালিকাভুক্তি বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে চায় নিয়ন্ত্রক সংস্থা।
বিএসইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, পরিদর্শনের সঙ্গে সংশ্লিষ্ট সব সহায়ক নথিপত্র প্রতিবেদনের সঙ্গে জমা দিতে হবে। কোনো আইন, বিধিমালা বা নিয়ন্ত্রক নির্দেশনা লঙ্ঘনের ঘটনা পাওয়া গেলে এবং সে বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি বা হস্তক্ষেপ প্রয়োজন হলে, সেটিও উল্লেখ করতে হবে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বিধিমালা, ২০২০-এর বিধি ১৭(১) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশনস, ২০১৫-এর প্রবিধান ৫৪(১) অনুযায়ী এ পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থনৈতিক সংকট ও গ্যাস-সংযোগবিচ্ছিন্ন থাকার কারণে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত এপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডের উৎপাদন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বকেয়া বিল পরিশোধ না করার কারণে ২০২২ সালের মে মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারখানাটির গ্যাস ও বিদ্যুৎ-সংযোগবিচ্ছিন্ন করে দেয়। ফলে আনুষ্ঠানিকভাবে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগেও বিভিন্ন সময় আর্থিক সংকট ও গ্যাস সংকটের কারণে কারখানাটির উৎপাদন ব্যাহত ও লে-অফ ঘোষণা করা হয়েছিল।
১৯৯৫ সালে এপেক্স ওয়েভিং দেশের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ২৬ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকা সংগ্রহ করে। পরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের নিয়মিত লভ্যাংশ না দেওয়ায় এবং উৎপাদন বন্ধ থাকায় ২০০৯ সালে ওটিসি মার্কেটে স্থানান্তরিত হয়।



