লোকসান থেকে বেরোতে পারেনি সী পার্ল

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পার চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) শেয়ারপ্রতি লোকসান কমেছে ২১ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৬ পয়সা। আগের বছরের একই সময়ে এ লোকসান ছিল ৮৪ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান কমেছে ১৮ পয়সা বা ২১ শতাংশ।
গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৮ পয়সা।
এদিকে সম্প্রতি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৫৬ পয়সা।
ঘোষিত লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্তসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ১৫ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।



