লভ্যাংশের টাকা পৃথক হিসাবে না রাখলে শাস্তি

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণে অনিয়মের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিশেষ করে কোম্পানিগুলোর ঘোষিত নগদ লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে জমা না রাখলে শাস্তির মুখে পড়তে হবে।
একই সঙ্গে ব্যাংকের প্রত্যয়নপত্র সংগ্রহ ও বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপস্থাপন না করে লভ্যাংশের প্রস্তাব তোলা যাবে না। এ নিয়ম যথাযথভাবে পরিপালন না করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ মঙ্গলবার বিএসইসির ১০৩৩তম কমিশন সভায় চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুর কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসি জানিয়েছে, কমিশনের বিদ্যমান নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ বার্ষিক বা চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করলে বিতরণের জন্য নির্ধারিত পুরো অর্থ এজিএমের অন্তত এক দিন আগে পৃথক ব্যাংক হিসাবে স্থানান্তর করতে হয়। এ অর্থ স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করাও বাধ্যতামূলক।
নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের প্রত্যয়নপত্রটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সচিবের সত্যায়িত হতে হবে। পরে তা এজিএমে উপস্থাপন এবং সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে জমা দিতে হয়।
তবে সম্প্রতি কিছু কোম্পানির ক্ষেত্রে এসব নির্দেশনা যথাযথভাবে পরিপালন না করার বিষয়টি কমিশনের নজরে এসেছে। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রযোজ্য সিকিউরিটিজ আইন ও বিধিবিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এদিকে লভ্যাংশ বিতরণের প্রক্রিয়ায় নিয়ম পরিপালন নিশ্চিত করতে বিদ্যমান নির্দেশনা সংশোধনেরও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সংশোধিত নির্দেশনায় লভ্যাংশের পুরো অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখা, ব্যাংকের প্রত্যয়নপত্র সংগ্রহ এবং তা এজিএমে উপস্থাপন করাকে লভ্যাংশের প্রস্তাব উত্থাপনের পূর্বশর্ত করা হবে।
অর্থাৎ, এসব শর্ত পূরণ না করে কোনো তালিকাভুক্ত কোম্পানি এজিএমে লভ্যাংশসংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করতে পারবে না। এর মাধ্যমে ঘোষিত লভ্যাংশের অর্থ সংরক্ষণ এবং তা বিতরণের প্রস্তুতি নিশ্চিত করতে কোম্পানিগুলোর ওপর আরও জবাবদিহি আরোপ করা হচ্ছে।
শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য নগদ লভ্যাংশ একটি গুরুত্বপূর্ণ প্রাপ্তি। কোম্পানির পরিচালনা পর্ষদ লভ্যাংশ ঘোষণা করলেও নির্ধারিত অর্থ পৃথক ব্যাংক হিসাবে সংরক্ষণ ও বিতরণসংক্রান্ত নিয়ম যথাযথভাবে অনুসরণ করা জরুরি। বিএসইসির এ সিদ্ধান্তের ফলে লভ্যাংশ বিতরণে বিদ্যমান নির্দেশনা পরিপালনে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ওপর নজরদারি আরও জোরালো হবে।



