সূচকের উত্থানে ডিএসইতে বাড়ল লেনদেন

গ্রাফিকস: আগামীর সময়
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচক বাড়ার পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও মোট লেনদেনের পরিমাণও বেশ ভালো অঙ্কে বৃদ্ধি পেয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে ৫,৫৯৬ পয়েন্টে অবস্থান করছে। পাশাপাশি ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১,১১৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ২,১২২ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর লেনদেনে অংশ নেওয়া ৩৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৪৬টির দর বেড়েছে, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত ছিল ৩৭টির দর। এদিন ডিএসইতে ৮৪৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৫১ কোটি৩১ লাখ টাকা বেশি।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ইতিবাচক ধারা লক্ষ করা গেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪,৮৭০ পয়েন্টে। এদিন ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির দর বৃদ্ধি পায় এবং মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৪ কোটি ৩৩ লাখ টাকা।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোম্পানিটির ৩৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনের দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল যথাক্রমে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
এ ছাড়া ওরিয়ন ইনফিউশন, আইপিডিসি ফাইন্যান্স, মালেক স্পিনিং, এপেক্স স্পিনিং, এনভয় টেক্সটাইলস, শার্প ইন্ডাস্ট্রিজ এবং সায়হাম টেক্সটাইল মিলসও লেনদেনের শীর্ষ তালিকায় তুলে আসে।
শেয়ার দর বৃদ্ধির দিক থেকে শীর্ষে ছিল ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি, যার দর বেড়েছে প্রায় ৯.৯৫ শতাংশ। দাম বাড়ার এই তালিকায় পরপর অবস্থান করে নেয় ইনডেক্স অ্যাগ্রো, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট, মতিন স্পিনিং, তসরিফা ইন্ডাস্ট্রিজ, এপেক্স স্পিনিং, মুন্নু ফেব্রিক্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
সোমবারের হিসাব অনুযায়ী দর পতনের শীর্ষে ছিল এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, যার ইউনিট দর কমেছে ৫.২৬ শতাংশ। এর পাশাপাশি রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএলের কয়েকটি ফান্ড এবং এক্সিম ব্যাংক, এনসিসিবিএল, এল আর গ্লোবাল ও গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের দরও কমেছে।



