সূচক কমলেও বেড়েছে লেনদেন

গ্রাফিকস: আগামীর সময়
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সূচক কমলেও এদিন টাকার পরিমাণে বাজারের লেনদেন কিছুটা বৃদ্ধি পেয়েছে। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫২৫ পয়েন্টে, শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ১০০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৭ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৫টি কোম্পানির শেয়ারদর বাড়লেও কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর। দিনভর ডিএসইতে মোট ৭৪৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১৯ কোটি ৬ লাখ টাকা বেশি। এর আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৭২৭ কোটি ৪০ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে ৭১টির দর বাড়লেও কমেছে ৯৮টির এবং ২১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে মোট ১০ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সোমবার ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস লিমিটেড। কোম্পানিটির ৪৫ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের ৩৯ কোটি ৭২ লাখ ৫৯ হাজার টাকার এবং তৃতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের ১৯ কোটি ২৬ লাখ ১৯৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স, এনভয় টেক্সটাইলস্, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইভিন্স টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ইনফিউশন এবং রিলায়েন্স ইন্সুরেন্স।
এদিন শেয়ারদর বৃদ্ধির শীর্ষে রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৭ দশমিক ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল, যার শেয়ারদরও ৭ দশমিক ২৯ শতাংশ বেড়েছে এবং তৃতীয় স্থানে থাকা এপেক্স স্পিনিংয়ের শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ৮৭ শতাংশ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইভেন্স টেক্সটাইলের ৬ দশমিক ১৬ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৬৩ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ১৩ শতাংশ, কে এন্ড কিউয়ের ৪ দশমিক ৮৬ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৫০ শতাংশ, ইসলামী কমার্সিয়াল ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৪৫ শতাংশ এবং প্রাইম লাইফের ৪ দশমিক ০৩ শতাংশ দর বেড়েছে।
অন্যদিকে, শেয়ারদর পতনের শীর্ষে উঠে এসেছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৪ শতাংশ কমেছে। পতনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিট দর ৬ দশমিক ২৫ শতাংশ এবং তৃতীয় স্থানে থাকা বিডি থাই ফুডের শেয়ারদর ৫ দশমিক ৯৭ শতাংশ কমেছে।
এছাড়া তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ফিনিক্স ফাইন্যান্সের ৫ দশমিক ৮৮ শতাংশ, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ৬৬ শতাংশ, আজিজ পাইপসের ৫ দশমিক ২৩ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ৪১ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ৪১ শতাংশ, শমরিতা হসপিটালের ৪ দশমিক ৩০ শতাংশ এবং আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ানের ৪ দশমিক ২৯ শতাংশ দর কমেছে।




