এনভয় টেক্সটাইলের মুনাফা কমলেও বেড়েছে লভ্যাংশ

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলের আগের অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় মুনাফা কমেছে। তারপরেও কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ বাড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এনভয় টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৩২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরে অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে লভ্যাংশ ছিল ৩০ শতাংশ নগদ। অর্থাৎ মুনাফা কমলেও লভ্যাংশ বেড়েছে ২ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট।
কোম্পানিটির ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮ দশমিক ২৪ টাকা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা ছিল ৮ দশমিক ৪০ টাকা। অর্থাৎ শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১৬ পয়সা।
অন্যদিকে গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০ দশমিক ৩৩ টাকায়। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৫৮ দশমিক ৩২ টাকা। অর্থাৎ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বেড়েছে ২ দশমিক ০১ টাকা।
এনভয় টেক্সটাইলের এবারের লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৫ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ২৬ অক্টোবর রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।



