এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব ভারমুক্ত

আহসান হাবিব
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব পদে পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন আহসান হাবিব। এতদিন তিনি এ দুই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব পদে পদোন্নতির পর তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, আহসান হাবিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান প্রেষণে নিয়োগ দেওয়া হলো। তবে অবসর গ্রহণের আগে তাকে নিজ ক্যাডারে প্রত্যাবর্তন করতে হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ২৯ জুন তৎকালীন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অবসরে যাওয়ার পরদিন, ৩০ জুন আহসান হাবিবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তখন তিনি এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এনবিআরের চেয়ারম্যান হিসেবে আহসান হাবিব এমন সময়ে পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন, যখন রাজস্ব আদায়ে বড় ঘাটতি, করের আওতা না বাড়া এবং কর ফাঁকি রোধে ব্যর্থতার মতো চ্যালেঞ্জ রয়েছে। রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি কর প্রশাসনে সংস্কার বাস্তবায়নও তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।



