চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগ

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে উচ্চমানের তৈরি পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে সিঙ্গাপুর ও চীনের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড। নতুন এ কারখানায় ২ হাজার ২৩০ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ লক্ষ্যে গতকাল বুধবার ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে প্রতিষ্ঠানটির একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বেপজার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম ইপিজেডের সাবেক প্রতিষ্ঠান সিয়ামস সুপিরিয়র লিমিটেডের জায়গায় নতুন কারখানাটি স্থাপন করা হবে। চুক্তিতে বেপজার পক্ষে সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং জয়ফুলের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হ্যান জুনঝিয়াও স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানে উপস্থিত থেকে বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা ও সহায়তা নিশ্চিত করার অঙ্গীকার করেন।



