সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ উৎসব

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিশেষ আয়োজন করেছে প্রাণ-আরএফএল গ্রুপ। ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইনের আওতায় সম্প্রতি রাজধানীর রায়েরবাজার ও মিরপুরের একটি এতিমখানা এবং একটি ডে-কেয়ার সেন্টারে শিশুদের নিয়ে দুই দিনব্যাপী ঈদ উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে অংশ নেওয়া শিশুরা বিভিন্ন খেলাধুলা, আড্ডা ও গল্পে মেতে ওঠে। আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের পাশাপাশি তাদের মধ্যে ঈদ উপহার হিসেবে স্কুলব্যাগ, খাদ্যসামগ্রী ও ড্রয়িং সামগ্রী বিতরণ করা হয়।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেছেন, ‘ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। এই বিশ্বাস থেকেই আমরা প্রতিবছর ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইনের আয়োজন করি। এবারের ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আনন্দময় উদযাপনের সুযোগ তৈরি করতে পেরে আমরা আনন্দিত।’
তিনি আরও উল্লেখ করেছেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘ঈদ ফর অল’ উদ্যোগটি নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে।




