জমকালো আয়োজনে ‘ডিএনসিসি কাপ-২০২৬’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সংগৃহীত ছবি
জমকালো ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ‘ডিএনসিসি কাপ-২০২৬’ ফুটবল টুর্নামেন্ট। সোমবার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর হোটেল শেরাটনের বলরুমে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিযোগিতার লোগো, ট্রফি ও অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন করা হয়। তৃণমূল পর্যায় থেকে নতুন ফুটবল প্রতিভা তুলে আনা এবং তরুণদের খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী ৪ ডিসেম্বর থেকে ডিএনসিসির বিভিন্ন এলাকার মাঠে একযোগে এই প্রতিযোগিতা শুরু হবে।
প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উল্লেখ করেন, নগর উন্নয়ন শুধু রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; নগরবাসীর সুস্থতা নিশ্চিত করা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। ফুটবল মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরিতে ভূমিকা রাখে মন্তব্য করে তিনি জানান, খেলাধুলার সুযোগ বাড়ানো গেলে তরুণদের মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সহজ হবে।
সভাপতির বক্তব্যে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন তুলে ধরেন, নগরবাসীকে সেবা দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করাও সিটি করপোরেশনের দায়িত্ব। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এ আয়োজন সফল করতে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও দল পরিচালকদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এ ছাড়া সম্মানিত অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুল হাসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।
ডিএনসিসির ১০টি এলাকার প্রতিনিধিত্বকারী দলগুলো নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে পুরুষ ও নারী বিভাগে ১০টি করে মোট ২০টি দল অংশ নেবে। মিরপুর, উত্তরা, মোহাম্মদপুরসহ চারটি মাঠে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পুরুষ বিভাগে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে উত্তরা রয়্যালস, মিরপুর রয়্যাল কিংস, মহাখালী ম্যাভেরিকস, মোহাম্মদপুর টাইগার্স, এফসি দিয়াবাড়ি রোভার্স, দক্ষিণখান ডমিনেটর্স, উত্তরখান ব্রেভার্স, ভাটারা ভাইকিংস ও বাড্ডা চ্যালেঞ্জার্স। নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে উত্তরা কুইনস, মিরপুর রয়্যাল কুইনস, মহাখালী মার্ভেলস, মোহাম্মদপুর পার্লস, এফসি দিয়াবাড়ি ভ্যালকিরিজ, দক্ষিণখান ড্যাশার্স, উত্তরখান টাইগ্রেসেস, ভাটারা ভরটেক্স ও বাড্ডা লাইটনিং।
অনুষ্ঠানে ডিএনসিসির বিভাগীয় প্রধানরা ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাবেক ফুটবলার আলফাজ আহমেদ, কায়সার হামিদসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




