জাতীয় এসএমই মেলায় উদ্যোক্তাদের অর্থায়ন ও ব্যাংকিং সেবা দিচ্ছে এনআরবিসি

সংগৃহীত ছবি
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়ন সুবিধা ও ব্যাংকিং সেবা সম্পর্কে জানাতে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় অংশ নিয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসি। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান এ মেলায় ব্যাংকটির স্টল উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি অ্যান্ড সিইও) ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ।
শিল্প মন্ত্রণালয়ের অধীন এসএমই ফাউন্ডেশন আয়োজিত সাত দিনব্যাপী এ মেলা চলবে ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত। মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। এনআরবিসি ব্যাংকের স্টলে উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ঋণসুবিধা, অর্থায়ন পণ্য ও ব্যাংকিং সেবার তথ্য তুলে ধরা হচ্ছে।
স্টল উদ্বোধনকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান উল্লেখ করেন, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে কৃষি, কৃষিজাত শিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যাপক প্রসারের সম্ভাবনা রয়েছে মন্তব্য করে তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিয়মিত ঋণ ও পুনঃঅর্থায়ন সুবিধা প্রকৃত উদ্যোক্তাদের কাছে পৌঁছে দিতে তারা কাজ করছেন। তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবা সম্প্রসারণ, নতুন উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করাই তাদের মূল লক্ষ্য বলে তুলে ধরেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. শাহীন হাওলাদার, এসএমই-বিজনেস, মাইক্রো অ্যান্ড এগ্রি বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের (সিআরএমডি-এসএমই, মাইক্রো, এগ্রি-ইসলামিক) প্রধান মো. শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমানে ১০৯টি শাখা ও ৪০০টি উপশাখার মাধ্যমে সারাদেশে ব্যাংকিং সেবা দিচ্ছে এনআরবিসি ব্যাংক। গ্রামীণ অর্থনীতি ও স্থানীয় শিল্পের বিকাশে ব্যাংকটির এনআরবিসি সুফলা, এনআরবিসি গতি, এনআরবিসি কৃষকের হাসি, এনআরবিসি নারী, এনআরবিসি দেশগড়ি এবং এনআরবিসি প্রবাসবন্ধু নামে বিশেষ ঋণপণ্য চালু রয়েছে।



