প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের বইয়ের মোড়ক উন্মোচন

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নূরুল আলম এফসিএস রচিত ‘গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার রাজধানীর বনানীতে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ের লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, উপব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ, এস এম ওয়ালি উল মোর্শেদ, অমলেন্দু রায় ও মোহাম্মদ আল-আমীনসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং কর্মকর্তারা।
ডা. আরিফুর রহমান সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গভর্নেন্স, ইন্টারনাল অডিট এবং কমপ্লায়েন্সের গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বইটি ব্যাংকিং ও করপোরেট খাতের পেশাজীবী, শিক্ষার্থী এবং গবেষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজ করবে।
মো. মনজুর মফিজ বলেছেন, লেখক তার দীর্ঘ পেশাগত জীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও পর্যবেক্ষণ বইটিতে সংযুক্ত করেছেন, যা পাঠকদের বিষয়গুলো গভীরভাবে অনুধাবন এবং বাস্তব ক্ষেত্রে প্রয়োগে সহায়তা করবে।
এম নূরুল আলম এফসিএস তার বক্তব্যে জানিয়েছেন, করপোরেট গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স বিষয়ে দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা থেকেই বইটি লেখার অনুপ্রেরণা পেয়েছেন।
তিনি আরও জানান, বইটির একটি স্মারক কপি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়েছে। বইটির প্রকাশ উপলক্ষে অর্থমন্ত্রী তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।




