কর্মীদের বাসা খোঁজা সহজ করতে এসিআইয়ের সঙ্গে সমঝোতা ইডটকোর

রাজধানীর ঢাকায় ইডটকো বাংলাদেশের প্রধান কার্যালয়ে হয় এই অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
ইডটকো বাংলাদেশ কো. লিমিটেডের কর্মীদের জন্য বাসা খোঁজা ও ভাড়া নেওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে প্রতিষ্ঠানটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এসিআই প্রপার্টিজ লিমিটেড।
রাজধানীর ঢাকায় ইডটকো বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গতকাল সোমবার দুই প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ এবং এসিআই প্রপার্টিজের ডিরেক্টর তানভীর শাহরিয়ার রিমন।
তিন বছর মেয়াদি এই সমঝোতার আওতায় ইডটকোর কর্মীরা এসিআই প্রপার্টিজের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড সেরেনো লেভান্দের মাধ্যমে প্রপার্টি কেনা, বিক্রি ও ভাড়ার ক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিটি কর্মীর জন্য ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজমেন্টের পাশাপাশি ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী প্রপার্টি পরামর্শ, বিনামূল্যে প্রপার্টি যাচাই, পছন্দের প্রপার্টি পরিদর্শনের ব্যবস্থা এবং নির্বাচিত লিস্টিংয়ে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া সেরেনো লেভান্দের বিশেষ পার্টনার ক্যাম্পেইন ও অফারের সুবিধা পাবেন কর্মীরা।
এসিআই প্রপার্টিজের ডিরেক্টর তানভীর শাহরিয়ার রিমন জানান, এই অংশীদারত্বের মাধ্যমে ইডটকোর কর্মীদের বাসা খোঁজার অভিজ্ঞতাকে আরও সহজ, নির্ভরযোগ্য ও স্বস্তিদায়ক করতে চান তারা। শুধু ভালো প্রপার্টির সুযোগ থাকাই যথেষ্ট নয়, বরং সঠিক পরামর্শ ও পুরো প্রক্রিয়ায় সহায়তা প্রদান করাও সমান গুরুত্বপূর্ণ। করপোরেট কমিউনিটির জীবনে বাস্তব অর্থে মূল্য যোগ করা এবং নিজেদের লিভিং, হারমোনাইজড দর্শনকে দৈনন্দিন জীবনে তুলে ধরার প্রচেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মীদের জীবনযাত্রার মান ও স্বস্তির গুরুত্ব তুলে ধরে ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ উল্লেখ করেছেন, একজন কর্মীর ভালো থাকা শুধু তার কর্মক্ষেত্রের ওপর নির্ভর করে না, বাইরের জীবনেও স্বস্তি ও নিশ্চয়তা থাকা জরুরি। একটি উপযুক্ত বাসা সেই নিশ্চয়তার বড় একটি অংশ। কর্মীদের বাসা খোঁজার সিদ্ধান্তকে আরও নিশ্চিন্ত ও বিশ্বস্ত করতে এই সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসির সহযোগী প্রতিষ্ঠান এসিআই প্রপার্টিজ লিমিটেড দেশের আবাসন খাতে সুশৃঙ্খল, স্বচ্ছ ও সেবাকেন্দ্রিক সমাধান প্রবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটি তাদের ব্র্যান্ড সেরেনো লেভান্দের মাধ্যমে বাসা ভাড়া, সার্ভিসড অ্যাপার্টমেন্ট, প্রপার্টি ম্যানেজমেন্ট, প্রপার্টি বেচাকেনা, করপোরেট হাউজিং ও কমার্শিয়াল স্পেস সংক্রান্ত নানা সেবা দিয়ে থাকে।
স্বাক্ষর অনুষ্ঠানে ইডটকো বাংলাদেশের এইচআর ডিরেক্টর রিজওয়ান হামিদ কুরাইশি, এসিআই পিএলসির হেড অব সেলস প্রোগ্রাম অ্যান্ড ডিমান্ড জেনারেশন নাহমিদা ইয়াসমিন পিংকি, হেড অব করপোরেট ব্র্যান্ড অ্যান্ড স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস নিশাত ইসলাম এবং এসিআই প্রপার্টিজের বিটুবি রিলেশনস ম্যানেজার মিয়া খায়রুদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





