রেমিট্যান্স সেবা সহজ করতে সিটিজেনস ব্যাংক ও নেক পে লিমিটেডের চুক্তি
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
ইউরোপ থেকে দেশে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে নেক পে লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সিটিজেনস ব্যাংক পিএলসি। এই অংশীদারত্বের ফলে সাইপ্রাসসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী আয় ব্যাংকের শাখা ও উপশাখাগুলোর মাধ্যমে সহজেই প্রবাসীদের স্বজনদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
সিটিজেনস ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিপত্র হস্তান্তর করা হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং নেক গ্রুপ ও নেক পে লিমিটেডের চেয়ারম্যান ইকরাম ফারাজী।
উভয় প্রতিষ্ঠান জানায়, এই চুক্তির ফলে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে রেমিট্যান্স পাঠানোর সুবিধা বাড়বে। একই সঙ্গে সিটিজেনস ব্যাংকের আন্তর্জাতিক রেমিট্যান্স নেটওয়ার্ক আরও শক্তিশালী ও সম্প্রসারিত হবে, যা প্রবাসী ও তাদের সুবিধাভোগীদের দ্রুত, সহজ ও নিরাপদ সেবা নিশ্চিত করবে।
অনুষ্ঠানে সিটিজেনস ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফ, চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজিবুর রহমান, এসএমআর বিভাগের প্রধান বিজয় চন্দ্র দাস এবং রেমিট্যান্স বিভাগের প্রধান শামসুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এছাড়া নেক গ্রুপের পরিচালক মোহেলা ইশাত ফারাজী ও নেক পে লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মো. ওসমান গনিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।







