বিইউবিটির আইন ও বিচার বিভাগের BAC অ্যাক্রেডিটেশন অর্জন

সংগৃহীত ছবি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আইন ও বিচার বিভাগ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC) থেকে অ্যাক্রেডিটেশন অর্জন করেছে। এ অ্যাক্রেডিটেশন আইন শিক্ষার গুণগত মান ও নির্ধারিত একাডেমিক মানদণ্ড পূরণের ক্ষেত্রে বিভাগের অবস্থানকে আরও সুসংহত করেছে।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর অধীনে প্রতিষ্ঠিত একটি সংবিধিবদ্ধ সংস্থা। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও একাডেমিক কার্যক্রমের গুণগত মান যাচাই এবং অ্যাক্রেডিটেশন প্রদানের মাধ্যমে উচ্চশিক্ষার মানোন্নয়নে কাজ করে প্রতিষ্ঠানটি। নির্ধারিত মানদণ্ড ও মূল্যায়ন প্রক্রিয়ার ভিত্তিতে অ্যাক্রেডিটেশন প্রদান করা হয়।
বিইউবিটির আইন ও বিচার বিভাগের এ অ্যাক্রেডিটেশন অর্জনে বিভাগের একাডেমিক কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং গুণগত মান নিশ্চিতকরণে গৃহীত বিভিন্ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আইন অনুষদের ডিন ও আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান এ অর্জনে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার অবদানের কথা উল্লেখ করেন। তাঁরা আইন শিক্ষার গুণগত মান বজায় রাখা এবং একাডেমিক কার্যক্রম আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী এ অর্জনকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি আইন শিক্ষার মানোন্নয়ন এবং উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক প্রচেষ্টার কথা তুলে ধরেন।
BAC-এর অ্যাক্রেডিটেশন অর্জনের মাধ্যমে বিইউবিটির আইন ও বিচার বিভাগের একাডেমিক কার্যক্রমের গুণগত মান মূল্যায়নের একটি আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জিত হয়েছে। বিভাগটি ভবিষ্যতেও মানসম্মত আইন শিক্ষা ও একাডেমিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেবে।



