নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক

সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও মহাসড়কের নিরাপত্তায় আনসার ব্যাটালিয়নের চারটি প্লাটুন নিয়মিত দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশৃঙ্খলা প্রতিরোধ, যান চলাচল নির্বিঘ্ন রাখা এবং শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখতে তারা টহল ও নজরদারি চালাচ্ছে। পাশাপাশি মানবিক সেবায়ও ভূমিকা রাখছেন সদস্যরা।
আজ শনিবার বিসিক শিল্পাঞ্চলের ৪ নম্বর গেট এলাকায় দায়িত্ব পালনকালে প্রাইভেট কারের ধাক্কায় আহত এক পথচারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তারা। তাদের তাৎক্ষণিক উদ্যোগের প্রশংসা করেন স্থানীয়রা।
বর্তমানে কাঁচপুর ব্রিজের পূর্ব ঢাল, শিবু মার্কেট, ফতুল্লা, চাষাঢ়া মোড় ও বিসিক শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল, যৌথ প্যাট্রোলিং ও বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় পরিচালিত এ কার্যক্রমের ফলে দায়িত্বপূর্ণ এলাকাগুলোয় স্বাভাবিক পরিস্থিতি বজায় রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসে সদস্যরা পেশাগত দায়িত্ব ও মানবিকতার পরিচয় দিচ্ছেন।



