‘ব্যাক টু অরিজিন’ থিমে অনুষ্ঠিত হলো মেরিল প্রেজেন্টস ‘মার্ভেল অব টুমরো’ সিজন ৫

সংগৃহীত ছবি
নিজের শেকড়, পরিচয় ও সৃজনশীলতার উৎসকে উদযাপনের বার্তা নিয়ে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে গত ২ জুলাই অনুষ্ঠিত হয়েছে মেরিল প্রেজেন্টস ‘মার্ভেল অব টুমরো’-এর পঞ্চম আসর। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘ব্যাক টু অরিজিন’, যেখানে নব্বইয়ের দশকের নস্টালজিয়া ও সাংস্কৃতিক আবহকে নতুন প্রজন্মের কনটেন্ট ক্রিয়েটরদের সৃষ্টিশীল ভাবনার সঙ্গে এক সুতোয় গেঁথে উপস্থাপন করা হয়। দেশের অন্যতম জনপ্রিয় পার্সোনাল কেয়ার ব্র্যান্ড মেরিলের টাইটেল স্পনসরশিপে আয়োজিত এ অনুষ্ঠান ভবিষ্যতের প্রতিভাবান কনটেন্ট ক্রিয়েটরদের সম্মাননা ও অনুপ্রেরণার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে আবারও সাড়া ফেলেছে।
এবারের আয়োজনে দেশের উদীয়মান ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের কাজকে স্বীকৃতি দিতে ২৪টি ক্যাটাগরিতে মনোনয়ন প্রদান করা হয়। সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং ইতিবাচক প্রভাবের মাধ্যমে যারা ডিজিটাল কনটেন্টে নতুন মাত্রা যোগ করছেন, তাদের অবদানকে সম্মান জানানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিটি ক্যাটাগরি ভিন্ন ভিন্ন ধরনের সৃষ্টিশীল কাজকে তুলে ধরেছে। আয়োজকদের মতে, নিজের গল্প, অভিজ্ঞতা এবং শেকড়ের সঙ্গে সংযোগই নতুন সৃষ্টির সবচেয়ে বড় অনুপ্রেরণা।
মেরিলের উদ্যোগে অ্যাসপায়ারিং, কমেডি, কনটেন্ট ক্রিয়েশন (এন্টারটেইনমেন্ট), ক্রিয়েটিভ কনটেন্ট প্রোডাকশন, ড্যান্স, ফ্যাশন ডিজাইনার, ইনস্পায়ারিং চিলড্রেন এবং পডকাস্ট— এই আটটি বিভাগে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলতে ছিল বিশেষ এক্সপেরিয়েন্স জোন। নব্বইয়ের দশকের আবহে সাজানো দুটি ফটো বুথে অতিথিরা স্মরণীয় মুহূর্ত ধারণ করেন। পাশাপাশি মেরিল প্রোডাক্ট এক্সপেরিয়েন্স জোনে দর্শনার্থীরা ব্র্যান্ডটির নতুন পণ্য সম্পর্কে কাছ থেকে জানার সুযোগ পান।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের আস্থা ও যত্নের প্রতীক হিসেবে পরিচিত মেরিল বিশ্বাস করে আত্মপ্রকাশ, আত্মবিশ্বাস এবং নিজস্ব পরিচয়ের উদযাপনে। ‘মার্ভেল অব টুমরো’ সিজন ৫-এর ‘ব্যাক টু অরিজিন’ প্রতিপাদ্যের মাধ্যমে সেই দর্শনই নতুনভাবে তুলে ধরা হয়েছে—আগামীর পথচলায় সবচেয়ে দৃঢ় ভিত্তি তৈরি হয় নিজের শেকড়, পরিচয় এবং মূল্যবোধের সঙ্গে সংযুক্ত থাকার মধ্য দিয়ে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় ডিজিটাল ব্যক্তিত্ব রাফসান সাবাব ও আমিন হান্নান। এ সময় মেরিলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, কনটেন্ট ক্রিয়েটর এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল প্রাণবন্ত।




