ডব্লিউইউবিতে আইআইইউএমের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা কর্মসূচির সূচনা

সংগৃহীত ছবি
আন্তর্জাতিক গবেষণা, একাডেমিক উৎকর্ষ এবং জ্ঞান বিনিময়ের লক্ষ্যে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (আইআইইউএম) সঙ্গে যৌথভাবে দুই দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি)।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মোরশেদা চৌধুরী অডিটোরিয়ামে ‘ইন্টারন্যাশনাল রিসার্চ, একাডেমিক এক্সেলেন্স অ্যান্ড নলেজ এক্সচেঞ্জ প্রোগ্রাম’ শীর্ষক এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ডব্লিউইউবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়ার আইআইইউএমের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়। দলে ছিলেন বিশ্ববিদ্যালয়টির রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি রেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ, অফিস অব স্ট্র্যাটেজিক ইনস্টিটিউশন ট্রান্সফরমেশনের প্রিন্সিপাল ডিরেক্টর অধ্যাপক ড. শুকরান আবদুর রহমান এবং ডেপুটি রেক্টরের বিশেষ কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিন।
প্রথম দিনের কার্যক্রমে গবেষণার উৎকর্ষ, উদ্ভাবনী শিক্ষাদান ও প্রাতিষ্ঠানিক নেতৃত্ব বিষয়ক তিনটি বিশেষ একাডেমিক অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ গবেষণার সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক মানের প্রকাশনা ও গবেষণালব্ধ জ্ঞান প্রয়োগের নানা দিক তুলে ধরেছেন।
পরের অধিবেশনে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ ও ভবিষ্যৎ উপযোগী গ্র্যাজুয়েট গড়ার কৌশল নিয়ে আলোচনা করেছেন ড. মোহাম্মদ মহিউদ্দিন। তৃতীয় অধিবেশনে অধ্যাপক ড. শুকরান আবদুর রহমান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নেতৃত্ব, কৌশলগত পরিচালনা ও প্রাতিষ্ঠানিক রূপান্তর বিষয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
এসব অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, গবেষক ও প্রশাসনিক কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশ নেন। আন্তর্জাতিক একাডেমিক যোগাযোগ জোরদার, প্রাতিষ্ঠানিক ভালো চর্চা বিনিময় এবং উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষার মানোন্নয়নে যৌথ কাজের সুযোগ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। কর্মসূচির দ্বিতীয় দিন মঙ্গলবার ভবিষ্যৎ গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আরও একটি সেমিনার অনুষ্ঠিত হবে।



