বিআইবিএমের ব্যাংকিং সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন গভর্নর
- দুই দিনে ১৩টি অধিবেশন ও ১০৪টি গবেষণাপত্র উপস্থাপন
- অংশ নেবেন ৮০০-এর বেশি প্রতিনিধি

সংগৃহীত ছবি
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) আয়োজনে ১১তম বার্ষিক ব্যাংকিং সম্মেলন শুরু হচ্ছে বুধবার। ঢাকার মিরপুর-২-এ বিআইবিএম প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মোস্তাকুর রহমান এফসিএমএ। সম্মেলনে দেশ-বিদেশের বিশেষজ্ঞ, ব্যাংকার, গবেষক ও শিক্ষার্থীসহ ৮০০-এর বেশি অংশগ্রহণকারীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
বিআইবিএম অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে স্বাগত বক্তব্য দেবেন বিআইবিএমের অধ্যাপক ও সম্মেলন আয়োজক কমিটির সভাপতি ড. প্রশান্ত কুমার ব্যানার্জী। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার। তার প্রবন্ধের শিরোনাম ‘বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির জন্য মুদ্রানীতি, রাজস্বনীতি ও বাণিজ্যনীতির সমন্বয়’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান আবদুল হাই সরকার এবং সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাশরুর আরেফিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এরপর প্রধান অতিথির বক্তব্য ও সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ সময় কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। সম্মেলনে সভাপতিত্ব করবেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম।
দুই দিনের সম্মেলনে ১৩টি প্লেনারি অধিবেশন অনুষ্ঠিত হবে। উপস্থাপন করা হবে ১০৪টি গবেষণাপত্র। ব্যাংকিং, অর্থায়ন ও অর্থনীতির সমসাময়িক বিষয় এবং টেকসই উন্নয়নসংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে এসব অধিবেশনে আলোচনা হবে। সম্মেলনের মিডিয়া পার্টনার ডিবিসি, দৈনিক বণিক বার্তা, ঢাকা স্ট্রিম ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।




